লকডাউন: ময়মনসিংহে সেনাবাহিনীর টহল পরিদর্শনে সেনাপ্রধান
করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে চলমান লকডাউনে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর কার্যক্রম সরাসরি পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
মঙ্গলবার তিনি ময়মনসিংহ জেলায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্তব্যরত সেনা সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, “সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ এলাকায় চলমান অপারেশন কোভিড শিল্ডের দ্বিতীয় পর্বে সেনাবাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও কার্যক্রম প্রত্যক্ষ করে সন্তুষ্টি প্রকাশ করেন।
“তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে এবং প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় কোভিড-১৯ মহামারী মোকাবেলায় প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীর সাথে সম্মিলিতভাবে কাজ করে যাবে।”
আর্মি ট্রেনিং ও ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেনেন্ট জেনারেল এস এম মতিউর রহমান, ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং ময়মনসিংহের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান এ সময় সেনাবাহিনী প্রধানের সঙ্গে ছিলেন ।
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মঙ্গলবার ময়মনসিংহে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন। ছবি: আইএসপিআর
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর সংক্রমণ রোধে অসামরিক প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীকে সহায়তার জন্য গত ১ জুলাই সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়। তখন থেকেই আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের সেনা সদস্যরা ময়মনসিংহ জেলায় নিয়মিত টহলে রয়েছেন।
টহলের পাশাপাশি সেনাবাহিনী করোনাভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারগুলোর মধ্যে নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করছে এবং বিভিন্ন এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে চিকিৎসা সেবা দিচ্ছে বলে আইএসপিআর জানিয়েছে।
