ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিকশাচালকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
মো. জালাল নামের ৪০ বছর বয়সী ওই রিকশাচালককে শনিবার সন্ধ্যায় অচেতন অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।
মৃতের ভাগ্নে মো. আলামিনের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জালাল ব্যাটারিচালিত রিকশার চালক ছিলেন।
“শনির আখড়ার গোবিন্দপুরে গ্যারেজে রিকশার ব্যাটারি চার্জে দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।”
জালালের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পরিদর্শক বাচ্চু।
দুই সন্তানের বাবা জালাল পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার যৌথাগ্রামের রেজাউল করিমের ছেলে। শনির আখড়ার গোবিন্দপুরে গ্যারেজের পাশেই পরিবার নিয়ে থাকতেন তিনি।
