মাদক মামলাতেও জামিন, নাসিরের মুক্তিতে ‘বাধা নেই’
চিত্রনায়িকা পরীমনির মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ মাদক মামলাতেও জামিন পেয়ে যাওয়ায় তার মুক্তিতে আর ‘বাধা নেই’ বলে জানিয়েছেন তার আইনজীবী।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিরের আবেদনের শুনানি করে বুধবার পাঁচ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম।
আবাসন ব্যবসায়ী নাসির ছাড়াও বিমানবন্দর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলায় গ্রেপ্তার লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধাকে জামিন দিয়েছে আদালত। তবে পরীমনির মামলার আরেক আসামি তুহিন সিদ্দিকী অমির জামিন হয়নি।
ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমনির করা মামলায় মঙ্গলবার নাসির ও অমি দুজনকেই জামিন দিয়েছিল ঢাকার হাকিম আদালত।
গ্রেপ্তার হওয়ার পর এ দুটি মামলা ছাড়াও মানবপাচার ও পাসপোর্ট আইনে দুটি মামলা হয়েছে অমির বিরুদ্ধে। কিন্তু নাসিরের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার ‘কারামুক্তিতে বাধা নেই’ বলে জানান তার প্রধান আইনজীবী এ এএইচ ইমরুল কাওছার।
উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (বিনোদন ও সংস্কৃতি)। তুহিন সিদ্দিকী অমিও ওই ক্লাবের সদস্য ছিলেন।
পরীমনির অভিযোগ, পূর্ব পরিচিত অমি গত ৮ জুন রাতে তাকে ‘পরিকল্পিতভাবে’ বোট ক্লাবে নিয়ে যান এবং সেখানে নাসির তাকে ‘ধর্ষণের চেষ্টা’ করেন।
এই চিত্রনায়িকা ১৫ জুন সাভার থানায় মামলা করার পরপরই উত্তরার একটি বাসা থেকে নাসির ও অমিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সে সময় ওই বাসা থেকে মদ ও ইয়াবা উদ্ধারের কথা জানানো হয়।
ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টার শিকার হওয়ার অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন চিত্রনায়িকা পরীমনি।
পরে বিমানবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই মামলা দায়ের করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের এসআই মানিক কুমার শিকদার।
এ মামলায় নাসির ও অমিকে সাত দিন করে এবং গ্রেপ্তার তিন নারীকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।
ওই মামলার রিমান্ড শেষে সাভার থানায় পরীমনির করা মামলায় গত ২৩ জুন নাসির ও অমিকে ৫ দিনের রিমান্ডে পাঠায় আদালত।
সেই রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে মঙ্গলবার পরীমনির মামলায় নাসিরের জামিন মঞ্জুর হয়। বুধবার মাদক মামলাতেও তার জামিন হয়ে গেল।
