বর্তমান বিভাজনেই র্যাবে পদায়ন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি
বর্তমান বিভাজন অনুযায়ীই বিভিন্ন বাহিনীর সদস্যদের র্যাবে পদায়ন করতে বলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
গত ১৭ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে ওই চিঠি পাঠানো হয়।
যা পাওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
ফাইল ছবি
“সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে র্যাবের পদায়ন সংক্রান্ত কিছু তথ্য প্রকাশিত হয়েছে। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী অবগত হয়ে র্যাবের সংগঠন অনুযায়ী পদায়নের বিষয়ে গুরুত্ব আরোপ করে সব সময় র্যাবের কাঠামা অনুযায়ী সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে নির্দেশিত পদ অনুযায়ী সদস্য প্রেরণের নির্দেশনা দিয়েছেন।”
“প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী র্যাবকে কর্মক্ষম ও দক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালনের সক্ষমতা বজায় রাখার জন্য বর্তমানে ব্যাটালিয়ন সমূহের বিভাজিত জনবল অনুযায়ী নির্দিষ্ট পদের অনুকূলে অফিসার ও অন্যান্যদের শতভাগ পদায়নের বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ অনুরোধ করা হল,” বলা হয় চিঠিতে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই রকম একটি চিঠি পেয়েছি।”
তিনি বলেন, “র্যাব পুলিশের একটি বাহিনী। র্যাব মহাপরিচালক, সচিব ও পুলিশ প্রধান বসে সব ঠিক করে নিবেন। এখানে কোনো ভুল বোঝাবুঝি নেই।”
র্যাব প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত পাঁচটি পদ বিভাজন আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সর্বশেষ আদেশ অনুযায়ী র্যাবে উপ-পরিচালক পদ রয়েছে ১০৮টি। এরমধ্যে সেনা, নৌ ও বিমানবাহিনীর জন্য রয়েছে ৯৭টি পদ আর পুলিশের জন্য রয়েছে ৯টি, ১টি আনসারের জন্য আর একটি পদ রয়েছে জনপ্রশাসন কর্মকর্তার জন্য।
কিন্তু গত ১৬ মে পুলিশের পদোন্নতি পাওয়া ৪৮ জন এসপিকে র্যাবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়; যদিও র্যাবে উপ-পরিচালক (পুলিশ সুপার পদমর্যাদার) পদের জন্য নয়টি পদ কেবল রয়েছে।
