রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় হওয়ার আহ্বান
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে ইউএনএইচসিআরসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।
রোহিঙ্গা সঙ্কট নিরসনে রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, আহমদ কায়কাউসের সভাপতিত্বে এ সভায় রোহিঙ্গা সঙ্কট নিরসনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় জানানো হয়, কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে আরও ৮০ হাজার রোহিঙ্গাকে দ্রুততম সময়ে ভাসানচরের আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে। ইতোমধ্যে ভাসানচরে ১৮ হাজারের বেশি রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সভায় বলেন, বাংলাদেশ সরকার অসহায় রোহিঙ্গাদের জন্য তুলনামূলকভাবে ভালো আবাসনের ব্যবস্থাসহ তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে ‘সম্ভাব্য সব কিছু’ করছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়াসহ সংশ্লিষ্ট সচিবরা সভায় অংশ নেন।
পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা এবং নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনএইচসিআরসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
