২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে শিশু ধর্ষণকারী গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁও থেকে এক শিশুর ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৩।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2021, 10:20 PM

Updated : 02 Aug 2022, 05:53 PM

শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল মঙ্গলবার বিকালে খিলগাঁওয়ের ইমামবাগ বিশ্বরোড এলাকা থেকে মো. আসাদ মিয়া (৩৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৩ স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩০ মে, রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়।

বুধবার র‍্যাব-৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবেশী শিশুটিকে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করেন আসাদ মিয়া।

সে সময় শিশুটির চিৎকার শুনে লোকজন জড়ো হলে আসাদ পালিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদ মিয়া তার অপরাধ স্বীকার করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।