২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে অগ্নিকাণ্ড: দগ্ধ শিশু মোরসালিন বাঁচল না

রাজধানীর মোহাম্মদপুরের বাসায় আগুন লেগে বাবা-মার সঙ্গে পুড়ে যাওয়া তিন বছরের শিশু মোরসালিন মারা গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2021, 12:18 PM

Updated : 02 Aug 2022, 05:52 PM

শনিবার রাত ২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোরসালিনের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, মোরসালিনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

তার বাবা সোহেল রানা (৩৫) ও মা লাবনী আক্তার হাওয়া (২৫) এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন।

মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে শুক্রবার রাত পৌনে ৩টায় সোহেল-লাবনীর বাসায় আগুন লাগে। সেখান থেকে উদ্ধার করে দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সোহেলের শরীরের ৭৫ শতাংশ ও লাবনীর ৩০ শতাংশ পুড়ে গেছে, তাদের অবস্থাও ভালো নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, গ্যাস লাইনে ফুটো হয়ে টিনশেড ওই বাসায় গ্যাস জমেছিল। রাতে মশার কয়েল জ্বালানো হলে গ্যাসে আগুন ধরে যায়।

প্রতিবেশীরা জানিয়েছেন, দুই মাস আগে বাসাটি ভাড়া নেন সোহেল-লাবনী দম্পতি। সোহেল কাজ হারিয়ে বেকার ছিলেন। লাবনী বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন।