২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নশীল হওয়ার ক্ষেত্রে উদাহরণ বাংলাদেশ: সাধারণ পরিষদ সভাপতি

বাংলাদেশের মানুষের সাহসিকতার প্রশংসা করে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ভলকান বজকির বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশ একটি উদাহরণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2021, 02:41 PM

Updated : 10 Oct 2022, 05:59 PM

মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে তিনি এই কথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

ইহসানুল করিম বলেন, “তিনি (ভলকান বজকির) বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশ একটি উদাহরণ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ অত্যন্ত সাহসী এবং তারা দেশের এই অর্জনকে আরো এগিয়ে নিয়ে যাবে।

“বাংলাদেশে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতে শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করে ভলকান বজকির বলেছেন, একজন নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।”

সাধারণ পরিষদের সভাপতি মিয়ানমারের ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের উদারতারও প্রশংসা করেন বলে জানান প্রেস সচিব।

জাতিসংঘের আগামী সাধারণ সভায় সরকার ও রাষ্ট্রপ্রধানরা যাতে স্বশরীরে অংশ নিতে পারেন সেজন্য চিন্তাভাবনা করছেন জানিয়ে ভলকান বজকির বলেন, তাদের চিন্তায় সরকার বা রাষ্ট্র প্রধানের সঙ্গে আরেকজনকে সেখানে উপস্থিত থাকার সুযোগ দেওয়ার ব্যাপারে ভাবা হচ্ছে।  

ইহসানুল করিম বলেন, “রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ আশ্রয় দেওয়ার প্রসঙ্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের নিজ দেশে ফেরত পাঠাতে আমরা মিয়ানমার সরকারের সাথে আলোচনা করে আসছিলাম, তবে তেমন অগ্রগতি হয়নি। আর এখন মিয়ানমারের যে পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি, তাতে তাদের প্রত্যাবর্তন প্রক্রিয়াটা কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে।”

Image
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ভলকান বজকির মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পিএমও

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ভলকান বজকির মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পিএমও

এক লাখেরও বেশি রোহিঙ্গার জন্য বাংলাদেশের ভাসানচরে অস্থায়ী আশ্রয়কেন্দ্র গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী। 

জাতির পিতা আজীবন শোষিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বলেও জানান সরকার প্রধান।

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “এই বিষয়ে বঙ্গবন্ধু পদক্ষেপ নিয়েছিলেন। তিনি নারীদের জন্য প্রথম ১০ শতাংশ কোটা প্রবর্তন করেছিলেন।”

প্রধানমন্ত্রী বলেন, এখন দেশের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা, বিরোধী দলীয় নেতা, স্পিকার সবাই নারী।

কোভিড-১৯ মহামারীর মধ্যে বাংলাদেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন শেখ হাসিনা।

সরকার দেশের সামাজিক সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি খাদ্য সুরক্ষাও নিশ্চিত করেছে বলেও জানান তিনি।

সাক্ষাতের সময় অটিজম অ্যান্ড নিউরোডেভলপমেন্ট ডিজঅর্ডার বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ, অ্যামবাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।