লঞ্চে যাত্রী গাদাগাদি, তবু ‘বাড়তি ভাড়া’
করোনাভাইরাস মহামারীর কারণে সাত সপ্তাহ বন্ধ থাকার পর ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল শুরুর কথা থাকলেও কোনো কোনো লঞ্চে স্বাভাবিক সময়ের মতো গাদাগাদি করে যাত্রী পরিবহন করতে দেখা গেছে।
সোমবার সন্ধ্যায় চাঁদপুর থেকে ছেড়ে আসা সোনার তরী-২ লঞ্চসহ একাধিক একাধিক লঞ্চে এই চিত্র দেখা যায়। সোনার তরী-২ এর যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
সোমবার প্রথম দিনে সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যেতে দেখা যায়। খালি পড়ে থাকা পন্টুনে ফিরে আসে মানুষের পদচারণা।
লঞ্চগুলোর কর্মীদের মধ্যে যাত্রী তোলা নিয়ে হাঁকডাক ও প্রতিযোগিতার সেই পুরনো চিত্র যেন ফিরেছে। নৌপরিবহনে অনেক দিন পর যাতায়াত করতে পারার আনন্দ ফুটে উঠেছে অনেকের মুখে।
ছবি: মাহমুদ জামান অভি
তারপর একে একে দুপুর পর্যন্ত জামাল ৪, আওলাদ ৫, সোনার তরী ৫, শিফামনি ১, দোয়েল পাখি ১, গ্রীনলাইন ৩, কর্ণফুলী ১৪, বোগদাদীয়া ৭, ঈগল ৯, মিতালী ৭, ইমাম হাসান ৫, ময়ূর ২, ৩ ও ৭, মিরাজ ৬, আল ওয়ালিদ ৯, মানিক ৫, ঈগল ৭ ছেড়ে যায়।
বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক দীনেশ কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরঘাট থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৭টি লঞ্চ ছেড়ে যায়। বিভিন্ন গন্তব্য থেকে এসেছে ১৪টি। রাত সাড়ে ১২ টা পর্যন্ত ৮০টির বেশি লঞ্চ ছেড়ে যাবে।
যাত্রী পরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “একটু পর পর মাইকে ও হাত মাইকে স্বাস্থ্যবিধির কথা ঘোষণা করা হচ্ছে। মাস্ক পরা ছাড়া কাউকে লঞ্চে উঠতে দেওয়া হচ্ছে না “
ছবি: মাহমুদ জামান অভি
গাদাগাদি করে যাত্রী নিলেও সরকার ঘোষিত হারে বাড়তি ভাড়া নেওয়া হয়েছে । এনিয়ে যাত্রীদের সঙ্গে মারামারিও অভিযোগ পাওয়া গিয়েছে।
সদরঘাটে ঢুকতে স্যানিটাইজ করার টানেল না থাকলেও কিছু কিছু লঞ্চে স্যানিটাইজার টানেল দেখা যায়।
আসার যাত্রী ঠাসাঠাসি
সোনার তরী-২ লঞ্চ চাঁদপুর থেকে ছেড়ে বিকাল ৩টা ৫০ মিনিটে সদরঘাটে এসে পৌঁছে। লঞ্চটির ধারণক্ষমতা ৫২৯ জন এবং তার অর্ধেক হলে সে সংখ্যা দাঁড়ায় ২৬৫ জনে।
কিন্তু বাস্তবে প্রায় সব আসনেই যাত্রী দেখা যায়। অন্যান্য জায়গাতেও গাদাগাদি করে যাত্রী দেখা যায়। তবে অর্ধেকের কম ২৩৫ জন যাত্রী নিয়ে লঞ্চটি সদরঘাটে এসেছে বলে লঞ্চটির ব্যবস্থাপকের দাবি।
ছবি: মাহমুদ জামান অভি
আবদুল করিম নামে এক যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রী অনেক বেশি নেওয়ার পরও লঞ্চ কর্তৃপক্ষ ১৮০ টাকা ডেকের ভাড়া নিচ্ছেন। প্রতিবাদ করায় আমাকে মারধর করা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে ল্যাপটপ।”
সদরঘাটে কর্মরত বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক পিএম সিদ্দিকুর বলেন, “চাঁদপুর থেকে অনেক যাত্রী নিয়ে ঢাকায় আসে লঞ্চটি। যাত্রীর অভিযোগ শুনেছি। উনাকে লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।”
সদরঘাট নৌপুলিশের পরিদর্শক গোলাম মোর্শেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুল করিম লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিকাল ৫টা ১৪ মিনিটে চাঁদপুর থেকে ছেড়ে সদরঘাটে এসে পৌঁছে সোনার তরী লঞ্চ। তাদের ধারণক্ষমতা ৭৭৭ হলেও যাত্রী এসেছে হাজারের বেশি।
একজন যাত্রী বলেন, “স্বাস্থ্যবিধি মানার কথা বলে ডেকের ভাড়া ১৮০ টাকা নেওয়া হয়েছে। কিন্তু যাত্রীতে ঠাসা ছিল- এটা অবিচার।”
এর কারণ জানতে চাইলে বিআইডব্লিউটিএ পরিচালক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরঘাট থেকে যেসব লঞ্চ ছেড়ে যাচ্ছে স্বাস্থ্যবিধি মেনে। আসার লঞ্চগুলো শিডিউল ঠিক রয়েছে।
“কিন্তু চাঁদপুরে শিডিউল ঝামেলা হয়েছে, আর যাত্রীদের চাপও রয়েছে। আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে।”
এদিকে মাহমুদুল হাসান পরিবার নিয়ে চাঁদপুরে যাচ্ছেন। তিনি বলেন, ঈদে যেতে পারিনি লকডাউনের কারণে। আর অন্য কোন উপায়ে যাওয়ার সাহস করিনি। এখন যেতে পারছি, সত্যিই অনেক ভালো লাগছে।
হাসানের মত সব যাত্রীদের অভিব্যক্তি প্রায় একই রকম।
ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে গত ৫ এপ্রিল সরকার লকডাউনের বিধিনিষেধ আরোপ করলে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সরকার রোববার দূরপাল্লার যাত্রী পরিবহনে বিধিনিষেধ শিথিল করলে সোমবার থেকে লঞ্চ চালানোর ঘোষণা দেয় বিআইডব্লিউটিএ।
