বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির বার্ষিকীতে শান্তি পরিষদের আলোচনা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির দিনটি স্মরণ করেছে বাংলাদেশ শান্তি পরিষদ।
জাতির পিতার ওই পদক জয়ের ৪৮তম বার্ষিকী উপলক্ষে রোববার শান্তি পরিষদের এক ভার্চুয়াল আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর এ পদক প্রাপ্তি গোটা বাঙালি জাতির জন্য ছিল ‘বিরাট সম্মানের বিষয়’।
বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে এই আলোচনা সভায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সেই শান্তির লড়াইয়ের প্রধান নেতা। ফলে বিশ্ব শান্তি পরিষদ ১৯৭২ সালের ২৩ মে অত্যন্ত ন্যায্য কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি এবং স্বাধীনতার লড়াইয়ে অবদান রাখার জন্য জুলিও কুরি শান্তি পদকের মতো বিরল আন্তর্জাতিক সম্মানে ভূষিত করে।”
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ব শান্তি পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য পল্লব সেনগুপ্ত, বাংলাদেশ শান্তি পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান খান, সম্পাদকমণ্ডলীর সদস্য হাসান তারিক চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ, অবসরপ্রাপ্ত মেজর সামসুল আরেফিন, সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, বাংলাদেশ শান্তি পরিষদের কেন্দ্রীয় নেতা শাহ আলম, শরীফ নুরুল আম্বিয়া, শিরিন আখতার এমপি, এস এম এ সবুর, শাহাদাত হোসেন, এনামুল হক এমরান, পার্থ সারথী চক্রবর্তী, অধ্যাপক শাকিল আখতার, মমতাজ হোসেন, বীনা শিকদারও বক্তব্য রাখেন।
আলোচনায় যুক্ত ছিলেন দিবালক সিংহ, মোস্তফা আলমগীর রতন, আসলাম খান, সাইফুর রহমান, আশরাফুল হক ঝন্টু, আরিফ জোবায়ের প্রমুখ।
