২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতনকারীর বিরুদ্ধে মামলা করেছেন সেই রিকশাচালক

সম্প্রতি রাজধানীর বংশালে মারধরের শিকার রিকশাচালক আব্দুল হামিদ নির্যাতনকারী সুলতানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2021, 11:14 PM

Updated : 02 Aug 2022, 05:49 PM

বুধবার রিকশাচালক আবদুল হামিদ (৫৫) বংশাল থানায় মামলাটি দায়ের করেন।

সেই মামলায় কারাগারে থাকা সুলতানকে গ্রেপ্তার দেখাতে মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার এসআই মো. আলী রেজা মামুন আদালতে আবেদন করেছেন।

ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী আবেদনের বিষয়ে শুনানির জন্য ২০ মে দিন রেখেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে এ আদালতের রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী আজাদ রহমান বলেন, আদালত মামলার এজাহার গ্রহণ করে আগামী ২৯ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

রাজধানীর বংশালে রিকশাচালক হামিদকে মারধরের একটি ভিডিও দেখে পুলিশ গত ৪ মে সুলতানকে গ্রেপ্তার করে।

একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংকে সোশাল মিডিয়ায় আসা সেই ভিডিওর লিংক পাঠিয়েছিলেন।

সেই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি একজন রিকশাচালককে সজোড়ে থাপ্পড় মারছেন। নির্যাতনের এক পর্যায়ে রিকশাওয়ালা মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারান।

ভিডিওটি দেখার পর নির্যাতনকারীকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বংশাল থানার ওসিকে দায়িত্ব দেওয়া হয়। পরে পুলিশ সুলতানকে আটক করে।

পরদিন ৫ মে একটি সাধারণ ডায়েরির ভিত্তিতে তাকে আদালতে তোলা হলে বিচারক জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার জামিন শুনানির জন্য আগামী ২৩ মে পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। এর মধ্যেই ভুক্তভোগী রিকশাচালক এই মামলা দায়ের করলেন।

পুরনো খবর:

রিকশাচালককে থাপ্পড়, ভিডিও দেখে গ্রেপ্তার