ঢাকার দুই হেফাজত নেতা ফের রিমান্ডে
হেফাজতে ইসলামের তাণ্ডবের দুটি মামলায় ঢাকা মহানগরীর নেতা আতাউল্লাহ আমিন ও ইহতেশামুল হক সাথীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
এদের মধ্যে তাণ্ডবের ঘটনায় আট বছর আগের দুই মামলায় আতাউল্লাহকে মোট ছয় দিন এবং গত মাসের পল্টন থানার মামলায় ইহতেশামুলকে দুই দিনের রিমান্ড দেয় ঢাকার আদালত।
মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার জাফর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য জানান।
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহকে পল্টন থানার মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে বুধবার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহর আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। তাতে সাড়া বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মতিঝিল ও পল্টন থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মোট ১৭ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেদিন রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। এ ঘটনায় মামলা করা হয় পল্টন ও মতিঝিল থানায়।
গত মাসে বায়তুল মোকাররম মসজিদে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় এদিন ইসলামী ছাত্র সমাজের সেক্রেটারি ইহতেশামুল হক সাথীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই বিচারক।
পল্টন থানার হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা আরেক মামলায় চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। বিচারক তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে ২৬ মার্চ বায়তুল মোকাররম মসজিদে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
