১৭ মার্চ ওড়াতে হবে জাতীয় পতাকা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বুধবার সরকারি-বেসরকারি অফিস ও ভবনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দিয়েছে সরকার।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, “সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ বুধবার সারাদেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলিত হবে।”
জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছরের ১৭ মার্চ থেকে চলতি বছরের ২৬ মার্চ পর্যন্ত ‘মুজিব বর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দেয় সরকার।
মুজিববর্ষ উদযাপনে কর্মসূচিগুলো কোভিড-১৯ মহামারীর কারণে নির্ধারিত সময়ে যথযাথভাবে করা সম্ভব না হওয়ায় সরকার মুজিববর্ষের সময়কাল ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করে।
