২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার সড়কে সাইকেল আরোহী শিশুর মৃত্যু

রাজধানীতে হাজারীবাগ বেড়িবাঁধ সড়কে বাস ও অটোরিকশার মাঝে পড়ে সাইকেল আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2021, 11:33 PM

Updated : 02 Aug 2022, 05:20 PM

শিশুটির নাম মো. ফয়সাল (১০)। হাজারীবাগ বৌবাজার এলাকায় থাকত দ্বিতীয় শ্রেণির এই শিক্ষার্থী।

বৃহস্পতিবার বিকালে বেড়িবাঁধে 'আরএস সিএনজি স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে বলে হাজারীবাগ থানার এসআই এ কে আজাদ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেড়িবাঁধে সাইকেল চালাচ্ছিল শিশুটি। সদরঘাটগামী সেন্ট্রাল পরিবহনের একটি বাস ও অটোরিকশার মাঝখানে পড়ে সে গুরুতর আহত হয়।”

পথচারীরা ফয়সালকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

বাস ও অটোরিকশাটি পুলিশ জব্দ করলে এগুলোর চালক পালিয়ে যায় বলে জানান এসআই আজাদ।

ফয়সাল ওই এলাকার জরিনা শিকদার স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। পরিবারে চার ভাই-বোনের মধ্যে সে তৃতীয়।