২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাট উৎপাদন ও বহুমুখী ব্যবহার বাড়াতে গুরুত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর

পরিবেশ ও অর্থনীতি বাঁচাতে বাংলাদেশে পাটের উৎপাদন ও পাটপণ্যের বহুমুখী ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2021, 06:09 PM

Updated : 07 Apr 2022, 10:35 PM

মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ-আইইবির ‘স্ট্রেনদেনিং অব জুট ফাইবার ফর কম্পোজিট অ্যাপ্লিকেশন’ শীর্ষক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, “পলিথিন ও পেট্রোলিয়াম পণ্য আমাদের পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এ সময়ে পঁচনশীল পাটের বিকল্প ভাবার সুযোগ নেই। জনগণের মধ্যে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে দৃষ্টি দেওয়া উচিৎ।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পাটকে বলা হত, সবচেয়ে অর্থকরি ফসল। সেই পাট আবার ঘুরে দাঁড়িয়েছে। এখন আমাদের পাটের উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি পাটপণ্যের বহুমুখী উৎপাদনও বাড়াতে হবে। পাটকে সোনালী আঁশ বলা হয়, সেই পাটকে যেন আবার সেই জায়গায় আমরা নিয়ে আসতে পারি।”

আইইবির টেক্সটাইল কৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আইইবির প্রাক্তন সভাপতি মো. আবদুস সবুর, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোজাফফর হোসেন, আইইবির প্রেসিডেন্ট মো. নূরুল হুদা,  ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) মো. নূরুজ্জামান, আইটিইটি প্রেসিডেন্ট মো. শফিকুর রহমান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের সহকারী অধ্যাপক ফোরকান সরকার।

সভাপতিত্ব করেন আইইবি টেক্সটাইল কৌশল বিভাগের চেয়ারম্যান মাসুদুর রহমান।