২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

’জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ দৃষ্টান্ত’

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2020, 08:47 PM

Updated : 18 Aug 2022, 04:12 PM

বৃহস্পতিবার এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, ঝড়-জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ কার্যকরভাবে মোকাবেলা এবং অভিযোজনের মাধ্যমে জলবায়ু বিপদাপন্নতা কমাতে দৃষ্টান্তকারী উদাহরণ তৈরি করেছে বাংলাদেশ।”

ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচি আয়োজনে ‘বিল্ডিং রেজিলিয়েন্স টু ক্লাইমেট চেঞ্জ থ্রু ক্রাফটসমেনশিপ’ শীর্ষক বই প্রকাশ উপলক্ষে আয়োজিত এই ওয়েবিনারে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ হাইকমিশনার।

ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান আয়েশা আবেদ ফাউন্ডেশন কীভাবে জলবায়ু বিপদাপন্ন এলাকার জনগোষ্ঠীকে সহিষ্ণু করে তোলে, তা এই গ্রন্থে উপস্থাপন করা হয়েছে।

বইটিতে ১৪ জন কারুশিল্পীর জীবনের গল্প আছে, যেখানে উঠে এসেছে কিভাবে তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

পাশাপাশি তাদের জীবন সংগ্রাম এবং আয়েশা আবেদ ফাউন্ডেশন কীভাবে তাদের সম্ভাবনা ও দক্ষতা কাজে লাগানোর সুযোগ করে দিয়েছে, তা চিত্রায়িত করা হয়েছে।

অনুষ্ঠানে ডিকসন আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ধারা বলছে, ঝুকিতে থাকা মানুষ অদূর ভবিষ্যতে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে।

এক্ষেত্রে বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমরা বাংলাদেশের সাথে আন্তরিকভাবে কাজ করছি। খাদ্য নিরাপত্তা, নিরাপদ পানি, শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে সেই সহযোগিতা অব্যাহত থাকবে।”

ওয়েবিনারের প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, “ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও তীব্র হবে এবং দুর্যোগের মাত্রা বাড়বে। জলবায়ু পরিবর্তনের প্রভাব পুরোপুরি প্রশমিত করা কার্যত সম্ভব নয়।

“তবে প্রতিকূলতার মুখোমুখি হওয়ার স্বাভাবিক ক্ষমতা বাংলাদেশিদের আছে। আমরা আমাদের সহিষ্ণুতা বাড়িয়ে লড়াই করতে পারি এবং ব্র্যাক ঠিক তাই করছে।”

অনুষ্ঠানে ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ বলেন, “বাংলাদেশের সবচেয়ে জলবায়ু ঝুকিতে থাকা ও ক্ষতিগ্রস্ত এলাকার আর্টিজানদের গল্প এই বইয়ে চিত্রায়িত হয়েছে। এই বইয়ের গল্পগুলি বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প এবং প্রকৃতির সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত।

“জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা সবাই অনুভব করছি। এই গল্পগুলো হচ্ছে সেইসব মানুষের যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তবে তারা শিখেছে কিভাবে মানিয়ে নিতে হয়, বাঁচতে হয়।”

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্র সভাপতিত্বে ওয়েবিনারে অন্যদের মধ্যে সেন্টার ফল ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের উপদেষ্টা ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আইনুন নিশাত, অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ও ডিএফএটি প্রধান কেট স্যাংস্টার বক্তব্য দেন।