২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ চুনোপুঁটিদের ক্ষেত্রে: টিআইবি

সরকারের দুর্নীতিবিরোধী অভিযান ‘চুনোপুঁটিদের’ নিয়ে সীমাবদ্ধ থাকছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2020, 05:56 PM

Updated : 18 Aug 2022, 04:11 PM

৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আগে মঙ্গলবার এক বিবৃতিতে দুর্নীতিবিরোধী সংস্থাটি বলেছে, ক্ষমতাবানরা এখন ‘বিচারহীনতা উপভোগ’ করছে।

জাতিসংঘের উদ্যোগে ২০০৩ সালের ৩১ অক্টোবর ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদ’ অনুমোদিত হয়। একই বছর ৯ থেকে ১১ ডিসেম্বর মেক্সিকোয় উচ্চ রাজনৈতিক পর্যায়ের স্বাক্ষরের উদ্দেশ্যে সনদটি উম্মুক্ত করা হয়।

এরপর প্রতিবছর ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে পালন করা হয়।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিবৃতিতে বলেন, “কোভিড-১৯ সংকটের মাঝে যেসব অভাবিত ঘটনা সামনে এসেছে, তাতে দুর্নীতি যে দেশে সর্বব্যাপী একটা রূপ নিয়েছে এটাই এখন অপ্রিয় সত্য। এই পরিস্থিতিতে হতাশা প্রকাশ করা ছাড়া আর কী করণীয় আছে, সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।”

সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতার’ ঘোষণা থাকলেও এখনকার বাস্তবতায় তা কী অর্থ বহন করে, তা কেউই নিশ্চিত করে বলতে পারেন না বলে মন্তব্য করেন তিনি।

“আমরা দেখতে পাচ্ছি, এই ঘোষণার বাস্তবায়ন আটকে যাচ্ছে শুধু চুনোপুঁটিদের টানাটানিতে। অথচ এই পর্যায়েই দুর্নীতির যে ভয়াবহতার কথা আমরা জেনেছি, তাতে এই প্রক্রিয়ার মূল কারিগর, যারা পেছনে থেকে কলকাঠি নাড়ছে, তাদের অনিয়ম-দুর্নীতির ব্যাপ্তি ও আর্থিক মূল্য কী হতে পারে, সেটা চিন্তা করলেও আতঙ্কিত হতে হয়।”

একজন ছাত্রনেতার হাজার কোটি টাকা পাচার করার খবর গণমাধ্যমে আসার কথা তুলে ধরে ইফতেখারুজ্জামান বলেন, “আরও ওপরের দিকের দুর্নীতিবাজ নেতাদের অবস্থা তো আমাদের কল্পনারও বাইরে। অথচ তাদের কারও বিষয়ে কোনো তদন্ত বা কার্যকর আইনি ব্যবস্থার খবর তো আমরা কখনও দেখিনি।”

Image
ইফতেখারুজ্জামান (ফাইল ছবি)

ইফতেখারুজ্জামান (ফাইল ছবি)

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যত ক্ষমতার ‘বি-টিমের’ ভূমিকা পালন করছে অভিযোগ করে ইফতেখারুজ্জামান বলেন, “রাজনৈতিক, ব্যবসায়িক অন্য যে কোনোভাবে ক্ষমতাবানরা বিচারহীনতা উপভোগ করছে।”

করোনাভাইরাস মহামারীর আর্থ-সামাজিক ক্ষতি কাটিয়ে উঠতে স্বাস্থ্য খাতসহ সংশ্লিষ্ট সব খাতে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ ঘোষিত রাজনৈতিক অঙ্গীকারের কার্যকর বাস্তবায়ন দেখতে চাইছে টিআইবি।

ইফতেখারুজ্জামান বলেন, সুশাসিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দেশে আইনের শাসন ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই।

সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, বিচার প্রক্রিয়া, নির্বাচন কমিশন ও মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা, দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিতের পাশাপাশি, গণমাধ্যম ও দেশবাসীর স্বাধীন মতপ্রকাশের সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ রাখার জোর দাবি জানিয়েছে টিআইবি।

ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি দমন ও এর কার্যকর প্রতিরোধে দুদককে ‘কাগুজে বাঘের’ পরিচয় থেকে বেরিয়ে আসতে হবে।

“দুদকের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট, আইন প্রয়োগকারী সংস্থা, জাতীয় রাজস্ব বোর্ড এবং বিশেষ করে অ্যাটর্নি জেনারেলের অফিসকেও তাদের নিরপেক্ষতা, দক্ষতা ও কার্যকরতার দৃশ্যমান উদাহরণ সৃষ্টি করতে হবে। অন্যথায় গগনচুম্বী অর্থ পাচারসহ সর্বব্যাপী দুর্নীতির রাশ টানা অসম্ভব,” বলেন ইফতেখারুজ্জামান।

কানাডা, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সুইজারল্যান্ডসহ অন্যান্য দেশে বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়েছে, তা ফিরিয়ে আনার পাশাপাশি পাচারে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে টিআইবি।