৬০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার তপুর ১৫ বছরের সাজা
দুই বছর আগে ৬০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার মাদক চোরাকারবারি মো. নাছিফ ইকবাল ওরফে তপুকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম সোমবার আসামির উপস্থিতিতে এ রায় দেন।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের সোনাপুর বাজারের পাটোয়ারি বাড়ির আবুল হাসেম মোল্লার ছেলে তপুকে ২০১৮ সালের ১৭ অগাস্ট ঢাকার ফুলবাড়িয়া এলাকা থেকে ৬০ হাজার ১৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
ডিবি পুলিশের এসআই বদরুল আলম ওইদিনই শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। তদন্ত করে গত বছরের ২২ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. আরজুন।
রাষ্ট্রপক্ষের ১৩ জন সাক্ষীর মধ্যে নয়জনের সাক্ষ্য শুনে আদালত সোমবার তপুকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করল।
