২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনিসুল হত্যামামলা: রিমান্ডের ১০ জনের ৬ জনের স্বীকারোক্তি  

পুলিশ কর্মকর্তা আনিসুল করিম হত্যামামলায় মাইন্ড এইড হাসপাতালের আরও দুই কর্মী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2020, 06:39 PM

Updated : 18 Aug 2022, 04:06 PM

পুলিশ হেফাজতে ১০ জনকে জিজ্ঞাসাবাদের মধ্যে এনিয়ে তিন দফায় ছয়জন দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার স্বীকারোক্তি দেন মাইন্ড এইডের ফার্মাসিস্ট তানভীর হাসান এবং ওয়ার্ড বয় তানিম মোল্লা।

মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক (অপারেশন) ফারুক মোল্লা দুই আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে আবেদন করেন।

তখন মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস দুজনের জবানবন্দি নিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার ১৬ নভেম্বর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন হাসপাতালটির ব্যবস্থাপক (বিপণন) আরিফ মাহমুদ জয় ও ওয়ার্ড বয় সজীব চৌধুরী। তার আগের দিন জবানবন্দি দেন রাঁধুনী মাসুদ খান ও ওয়ার্ড বয় অসীম চন্দ্র পাল।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর ওই চারজনকেও কারাগারে পাঠানো হয়।

এএসপি আনিসুলকে হত্যায় ১০ হাসপাতালকর্মী রিমান্ডে

আনিসুলের মৃত্যুর পরপরই গ্রেপ্তার হওয়া ১০ জনের মধ্যে এখন রিমান্ডে রয়েছেন মাইন্ড এইড হাসপাতালের কো-অর্ডিনেটর রেদোয়ান সাব্বির, ওয়ার্ডবয় জোবায়ের হোসেন, মো. লিটন আহাম্মদ ও মো. সাইফুল ইসলাম পলাশ।

এছাড়া মাইন্ড এইড হাসপাতালের মালিকদের একজন ডা. ফাতেমা খাতুন ময়নাকে পরে গ্রেপ্তার করে পুলিশ।

সর্বশেষ মঙ্গলবার এই মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মাইন্ড এইড হাসপাতালের অন্দরে যা দেখা গেল

মাইন্ড এইড হাসপাতালে তালা, চিকিৎসক গ্রেপ্তার

গত ৯ নভেম্বর ঢাকার আদাবরের মাইন্ড এইড হাসপাতালে মানসিক রোগের চিকিৎসা নিতে গিয়ে মারধরের শিকার হয়ে মারা যান এএসপি আনিসুল।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আনিসুল উচ্ছৃঙ্খল আচরণ করায় কর্মচারীরা তাকে শান্ত করার চেষ্টা করছিলেন।

ঘটনার পর হাসপাতালের ‘অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট রুমে’ আনিসুলকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, আনিসুলকে ৬ থেকে ৭ জন মাটিতে ফেলে চেপে ধরে আছেন, দুজন তকে কনুই দিয়ে আঘাত করছিলেন।

হাসপাতালের ব্যবস্থাপক আরিফ মাহমুদও তখন পাশে দাঁড়িয়ে ছিলেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশীদ পরদিন সাংবাদিকদের বলেন, ৮-৯ জন লোক মিলে আনিসুলকে এলোপাতাড়ি মারধর করন। তারা সবাই হাসপাতালের ওয়ার্ডবয়, ক্লিনার।

আনিসুলের মৃত্যুর পর তার বাবা ফাইজ্জুদ্দিন আহমেদ মোট ১৫ জনকে আসামি করে আদাবর থানায় হত্যা মামলা করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ৩৩ ব্যাচের ছাত্র আনিসুলের বাড়ি গাজীপুরে; তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন।

এক সন্তানের জনক আনিসুল পারিবারিক ঝামেলার কারণে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে ঢাকার আদাবরের ওই হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন বলে তার স্বজনরা জানান।