২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনিসুল হত্যা: মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের রেজিস্ট্রার রিমান্ডে

চিকিৎসার নামে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে পিটিয়ে হত্যার মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2020, 04:39 PM

Updated : 10 Oct 2022, 07:34 PM

পুরনো খবর:

আনিসুল হত্যা: মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের রেজিস্ট্রার গ্রেপ্তার

পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম মঙ্গলবার এই আদেশ দেন।

সকালে শেরেবাংলা নগর সরকারি স্টাফ কোয়ার্টারের বাসা থেকে মামুনকে গেপ্তারের পর দুপুরে তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।

রাষ্ট্রপক্ষে সেই আবেদনের ওপর শুনানি করেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মনিরুজ্জামান মণ্ডল।

অন্যদিকে রিমান্ডের বিরোধিতা ডা. মামুনের আইনজীবী সাইফুল ইসলাম সোহেল বলেন, “তিনি ওই ঘটনায় কিছুই জানতেন না, ঘটনাস্থলে উপস্থিতও ছিলেন না। তার কাছ থেকে কোনো তথ্য জানা প্রয়োজন হলে জেলগেইটে জিজ্ঞাসাবাদই যথেষ্ট, রিমান্ডের প্রয়োজন নেই।”

মামুন মাইন্ড এইড হাসপাতালের পরিচালক কি না, তা জানতে চান জিআরও মনিরুজ্জামান মণ্ডল। তখন আসামির আইনজীবী ‘না’ সূচক জবাব দেন।

শুনানি শেষে বিচারক এই চিকিৎসককে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

গত ৯ নভেম্বর ঢাকার আদাবরের মাইন্ড এইড হাসপাতালে মানসিক রোগের চিকিৎসা নিতে গিয়ে মারধরের শিকার হয়ে মারা যান এএসপি আনিসুল। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আনিসুল উচ্ছৃঙ্খল আচরণ করায় কর্মচারীরা তাকে শান্ত করার চেষ্টা করছিলেন।

তবে ঘটনার পর হাসপাতালের ‘অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট রুমে’ আনিসুলকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, আনিসুলকে ৬ থেকে ৭ জন মাটিতে ফেলে চেপে ধরে আছেন, দুজন তকে কনুই দিয়ে আঘাত করছিলেন। হাসপাতালের ব্যবস্থাপক আরিফ মাহমুদও তখন পাশে দাঁড়িয়ে ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ পরদিন সাংবাদিকদের বলেন, ৮-৯ জন লোক মিলে আনিসুলকে এলোপাতাড়ি মারধর করন। তারা সবাই হাসপাতালের ওয়ার্ডবয়, ক্লিনার।

আনিসুলের মৃত্যুর পর তার বাবা ফাইজ্জুদ্দিন আহমেদ মোট ১৫ জনকে আসামি করে আদাবর থানায় হত্যা মামলা করেন। তাদের মধ্যে ১২ জনকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ।

তাদের মধ্যে যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তাদের দেওয়া তথ্যেই মঙ্গলবার মামুনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের ভাষ্য।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনের নাম মামলার এজাহারে ছিল না। তাকে নিয়ে মোট ১৩ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হল।

সকালে মামুনকে গ্রেপ্তারের পর উপ কমিশনার হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনিসুল করিম চিকিৎসা নিতে প্রথমে সরকারি হাসপাতালে (জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালে) গিয়েছিলেন। সেখান থেকে ডা. মামুনের পরামর্শে তাকে আদাবরের ওই বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

“ডাক্তার মামুন মাইন্ড এইড হাসপাতাল ছাড়াও টাঙ্গাইলের একটি এবং ঢাকার আরেকটি বেসরকারি হাসপাতাল রোগী দেখেন।”

এক প্রশ্নের জবাবে উপ কমিশনার হারুন বলেন, “মাইন্ড এইডে কোনো রোগী পাঠালে ৩০ শতাংশ কমিশন পেত ওই ডাক্তার।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ৩৩ ব্যাচের ছাত্র আনিসুলের বাড়ি গাজীপুরে; তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন।

এক সন্তানের জনক আনিসুল পারিবারিক ঝামেলার কারণে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে ঢাকার আদাবরের ওই হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন বলে তার স্বজনরা জানান।

আরও পড়ুন:

মাইন্ড এইড হাসপাতালের অন্দরে যা দেখা গেল  

মাইন্ড এইড হাসপাতালে তালা, চিকিৎসক গ্রেপ্তার  

এএসপি আনিসুলকে হত্যায় ১০ হাসপাতালকর্মী রিমান্ডে  

আনিসুল হত্যামামলা: মাইন্ড এইডের দুই কর্মীর স্বীকারোক্তি