২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস পোড়ানো: জামিন নিতে হাই কোর্টে গয়েশ্বরসহ বিএনপির দেড়শ নেতাকর্মী

ঢাকা-১৮ আসনের (উত্তরা) ‍উপনির্বাচনের মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানো ও হাতবোমা ফাটানোর ঘটনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ প্রায় দেড়শ নেতাকর্মী হাই কোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2020, 10:08 PM

Updated : 18 Aug 2022, 04:05 PM

আইনজীবী কায়সার কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪টি আবেদনে তারা জামিন চেয়েছেন। বুধবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো.রিয়াজ উদ্দিন খানের বেঞ্চে এসব আবেদনের শুনানি হতে পারে।

“যুবদলের কেন্দ্রীয় কমিটির ১১৪ জনের মধ্যে এসব মামলায় ১১৩ জনকেই আসামি করা হয়েছে এসব মামলায়।”

ঢাকা-১৮ আসনে পরাজিত বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু,ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল রয়েছেন জামিন আবেদনকারীদের মধ্যে।

বাস পোড়ানোর মামলায় গ্রেপ্তার ৩২, রিমান্ডে ২৬  

গত বৃহস্পতিবার ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। এর মধ্যেই নির্বাচনী এলাকায় হাতবোমার বিস্ফোরণ ঘটে। এছাড়া ঢাকার বিভিন্ন স্থানে মোট ১১টি বাস পোড়ানো হয়। এসব ঘটনায় ৯টি থানায় মোট ১৬টি মামলা হয়েছে।

বাস পোড়ানোর জন্য বিএনপিকে দায়ী করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। অন্যদিকে বিএনপি দাবি করছে, তাদের ফাঁদে ফেলতে ক্ষমতাসীনরাই বাস পুড়িয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ওয়ালিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, এসব মামলায় রোববার পর্যন্ত মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।