২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: স্বরাষ্ট্রমন্ত্রীর পজিটিভের পরদিন নেগেটিভ

করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় এক দিনের ব্যবধানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ‘পজিটিভ’ থেকে ‘নেগেটিভ’ ফল এসেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2020, 09:44 PM

Updated : 08 Apr 2022, 01:38 AM

একই কাণ্ড ঘটেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীনের ক্ষেত্রেও।

তবে তারা দুজনই নিজ নিজ বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানিয়েছেন।

তাদের নমুনা প্রথম বার পরীক্ষা করা হয়েছিল আইইডিসিআরে, যেখানে সংক্রমণ ধরা পড়ে। পরে পুলিশ হাসপাতালে পরীক্ষা করা হলে দেখা যায়, তারা করোনাভাইরাসমুক্ত।

অপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিবের। সেজন্য তাদের কোভিড-১৯ পরীক্ষা করতে আইইডিসিআরে নমুনা দেওয়া হয়। রাতে পরীক্ষার ফলে দুজনেরই করোনাভাইরাস পজেটিভ আসে।

“রি-কনফার্ম হওয়ার জন্য আজ (রোববার) পুলিশ হাসপাতালে দুজনের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। তাতে নেগেটিভ এসেছে।”

জনসংযোগ কর্মকর্তা অপু বলেন, “একদিনের ব্যবধানে দুই ধরনের প্রতিবেদন এসেছে। তবে তারা বাসায় আছেন, ভালো আছেন। শারীরিকভাবে দুজনের মধ্যে কোনো লক্ষণ নেই।”