২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁধের নকশায় ২০০ বছর ‘ফ্লাড রিটার্ন পিরিয়ড’ রাখার পরামর্শ

ডেল্টা প্ল্যান-২১০০ এ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নকশার জন্য ২০০ বছর ‘ফ্লাড রিটার্ন পিরিয়ড’ করার পরামর্শ এসেছে উপকূল ফাউন্ডেশনের এক গোলটেবিল আলোচনা থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2020, 01:31 PM

Updated : 18 Aug 2022, 04:04 PM

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘ভয়াল ১২ নভেম্বর: উপকূলীয় অঞ্চল রক্ষায় টেকসই বেড়িবাঁধ’ শীর্ষক আলোচনায় ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আমীরুল হক পারভেজ চৌধুরী বলেন, দেশের নাজুক বাঁধগুলো বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবেলায় অধিকতর উপযোগী করে গড়ে তোলা উচিৎ। জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে সমুদ্রের পানি সমতল বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে উপকূলীয় বাঁধগুলোর উচ্চতা ও স্লোপ বাড়িয়ে কংক্রিটের ঢালাই করা জরুরি।

“আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় ডেল্টা প্ল্যান-২১০০ পলিসিতে বন্যা নিয়ন্ত্রন বাঁধগুলো ডিজাইনের জন্য বৃহত্তর নদনদীগুলোর ক্ষেত্রে ২০০ বছর ও ছোট নদনদীগুলোর ক্ষেত্রে ১০০ বছর ফ্লাড রিটার্ন পিরিয়ড এবং নদী শাসনের জন্য বৃহত্তর নদনদীগুলোর ক্ষেত্রে ১০০ বছর ও ছোট নদ-নদীগুলোর ক্ষেত্রে ২০ বছর ফ্লাড রিটার্ন পিরিয়ড বিবেচনা করা উচিৎ।”

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় উপকূলীয় সবুজ বেষ্টনী নির্মাণ প্রকল্পে বাঁধের ঢাল, ফোল্ডারের অভ্যন্তরে এবং অধিগ্রহণকৃত জমিতে উপযোগী বৃক্ষরোপন করার কর্মসূচি গ্রহণসহ উপকূলীয় নদ-নদীর ভাঙনপ্রবণ অঞ্চল চিহ্নিত করে বাঁধ নির্মাণ ও পুরনো বাঁধ সংস্কারও জরুরি বলে আলোচনায় জনান বক্তারা।

তারা বলেন, ক্ষেত্রবিশেষে ১০ থেকে সর্বোচ্চ ২০ মিটার পর্যন্ত বাঁধ উঁচু করতে হবে। উপকূলীয় বাঁধগুলো টেকসই এবং নির্মাণ কাজে যথাযথ তদারকি করলে আগামী ১০০ বছরেও এ বাঁধের কোনো ক্ষতি হবে না। টেকসই বাঁধ নির্মাণে উপকূল ও উপকূলের চরাঞ্চলের জীবন ও জীবিকার গতিপথ ত্বরান্বিত হবে। টেকসই বাঁধের মাধ্যমে দুর্যোগকালীন জলোচ্ছ্বাস কমিয়ে আনা সম্ভব হবে। 

নদীর গতিপ্রকৃতি, ঝড়, জলোচ্ছ্বাসের প্রকৃতি পরিবর্তনের কথা মাথায় রেখে উপকূলীয় অঞ্চলে বাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য উপকূল ফাউন্ডেশন আটটি দাবি তুলে ধরে।

  • রাষ্ট্রীয়ভাবে ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে ঘোষণা করা
  • উপকূল উন্নয়ন বোর্ড ও দ্বীপ উন্নয়ন বোর্ড গঠন
  • নদীভাঙ্গন রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী শাসন, জিওব্যাগ, ক্রস ডেম বাঁধ, ব্লক ও ড্রেজিং ব্যবস্থা জোরদারসহ তদারকি।
  • মৎস্যজীবীদের নিরাপত্তা বিধান, সরকারি উদ্যোগে এগ্রো বেইজড শিল্প-কারখানা সৃষ্টি, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপসমূহ নিরবচ্ছিন্ন বিদ্যুতের আওতায় আনা।
  • দুরে্যাগে নিহতদের পরিবারকে পুনর্বাসন উপযুক্ত ক্ষতিপূরণ, বেঁড়িবাধ উন্মুক্ত রাখতে তথায় বসবাসকারীদের নিরাপদ আবাসন এবং     উপকূলের সাইক্লোন সেন্টারগুলোতে স্টিলের অ্যাঙ্গেল ব্যবহারে নির্মাণ করা, যাতে নদী ভাঙ্গনের ফলে সহজে স্থানান্তর সম্ভব।
  • পরিবর্তনশীল জলবায়ু মোকাবেলায় দায়ী দেশগুলোর উপর প্রবল চাপ প্রয়োগ ও ক্ষতিপূরণ আদায়।
  • বিশ্ববিদ্যালয়ে উপকূল স্টাডিজ নামে নতুন বিভাগ সৃষ্টি, উপকূলে শিক্ষার হার শতভাগ নিশ্চিৎসহ উপকূলীয় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর বিকাশ সাধন।
  • বর্তমানে অতি মাত্রায় সংগঠিত বজ্রপাত মোকাবেলায় পরিকল্পিতভাবে তালগাছ মোকাবেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোতে প্রশিক্ষণের ব্যবস্থা করা। 

আলোচনায় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মেজবাহ উদ্দিন. বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম।