তিন সিটিতে সম্পত্তি হস্তান্তর কর কমলো
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কোম্পানি থেকে কোম্পানি পর্যায়ে স্থাবর সম্পত্তি হস্তান্তরের কর কমিয়েছে সরকার।
এজন্য ‘সিটি করপোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬’ সংশোধন করে স্থানীয় সরকার বিভাগ গত ৫ নভেম্বর গেজেট প্রকাশ করেছে।
কর তফসিল অনুযায়ী, প্রতিটি হস্তান্তর দলিলে উল্লিখিত স্থাবর সম্পত্তির মূল্যের সর্বোচ্চ দুই শতাংশ হারে কর আরোপ করা যায়।
এখন সেই তফসিল সংশোধন করে বলা হয়েছে, “স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রতিটি হস্তান্তর দলিলে উল্লিখিত স্থাবর সম্পত্তির মূল্যের সর্বোচ্চ দুই শতাংশ হারে স্থাবর সম্পত্তি হস্তান্তর কর আরোপ করা যাবে।
“তবে শর্ত থাকে যে, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের অধিক্ষেত্রে কোম্পানি থেকে কোম্পানির স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে সম্পত্তির মূল্যের এক শতাংশ হারে স্থাবর সম্পত্তি হস্তান্তর কর আরোপ করা যাবে।”
আগামী ১ ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে বলে গেজেটে জানানো হয়েছে।
