কোভিড-১৯: চিকিৎসায় সেবা সম্প্রসারণ ও কৌশল প্রণয়নে ঘাটতি দেখছে টিআইবি
দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা সেবা সম্প্রসারণ এবং পরিকল্পনা ও কৌশল প্রণয়নে ঘাটতি দেখা যাচ্ছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
‘করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ-দ্বিতীয় পর্ব’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন সংস্থাটি বলছে, জেলা পর্যায়ের চিকিৎসা ব্যবস্থায় সক্ষমতার ঘাটতি এখনও রয়ে গেছে।
গবেষণায় হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনায় সক্ষমতা, হাসপাতালে মানসম্মত সুরক্ষা সামগ্রী এবং কমিউনিটি পর্যায়ে সংক্রমণ বিস্তার রোধে কার্যকারিতার ঘাটতিও কথাও বলা হয়।
এছাড়া মহামারী সম্পর্কিত তথ্য প্রকাশে ঘাটতির পাশাপাশি মতপ্রকাশে বিধি-নিষেধ দেখা যাচ্ছে বলে টিআইবির দাবি।
মঙ্গলবার এক অনলাইন সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে যুক্ত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, উপদেষ্টা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শাহজাদা এম আকরাম।
গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন গবেষণা ও পলিসি বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. জুলকারনাইন।
গবেষক দলের অন্য সদস্যরা হলেন একই বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ নূরে আলম, মোরশেদা আক্তার, প্রোগ্রাম ম্যানেজার তাসলিমা আকতার এবং সাবেক প্রোগ্রাম ম্যানেজার মনজুর ই খোদা।
গত ১৫ জুন করোনাভাইরাস মোকাবেলায় প্রাক-সংক্রমণ প্রস্তুতিমূলক পর্যায়ে ও সংক্রমণকালে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সুশাসনের চ্যালেঞ্জ চিহ্নিত করার উদ্দেশ্যে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছিল টিআইবি।
টিআইবি জানিয়েছে, সেই ধারাবাহিকতায়ই গত ১৬ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে দ্বিতীয় গবেষণাটি পরিচালিত হয়েছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, “করোনা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা সেবা সম্প্রসারণে ঘাটতি এবং পরিকল্পনা ও কৌশল প্রণয়নে ঘাটতি দেখা গেছে।”
বিভিন্ন দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নতুন করে বিভিন্ন কার্যক্রম শুরু করলেও বাংলাদেশে কোভিড-১৯ রোগীদের জন্য নির্ধারিত কয়েকটি হাসপাতালে রোগী না থাকার কারণে সাধারণ চিকিৎসা চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ৩ জুন কারিগরি পরামর্শ কমিটি আরটি-পিসিআর পরীক্ষার পাশাপাশি অ্যান্টিবডি ও অ্যান্টিজেন পরীক্ষার সুপারিশ করলেও এখনও তা কার্যকর করা হয়নি।
গবেষণা প্রতিবেদনে টিআইবি বলছে, “এখনও বাংলাদেশের জেলা পর্যায়ের চিকিৎসা ব্যবস্থায় সক্ষমতার ঘাটতি দেখা গেছে।”
সরকারি তথ্যমতে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ব্যবস্থাপনার জন্য সারাদেশে আইসিইউ শয্যার সংখ্যা ৫৫০টি, ভেন্টিলেটরের সংখ্যা ৪৮০ বলা হলেও এই সুবিধার অধিকাংশ ঢাকা শহরকেন্দ্রিক।
১৫ জুন-পরবর্তী সময়ে আইসিইউ ও ভেন্টিলেটরের সংখ্যা বাড়ানো হলেও বিভিন্ন এলাকার জনসংখ্যার অনুপাতে তা ‘যথেষ্ট নয়’ বলে মনে করে টিআইবি।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ জুন-পরবর্তী সময়ে জেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতার ক্ষেত্রে কিছু অগ্রগতি হলেও এখনও ব্যাপক ঘাটতি বিদ্যমান। এখনও জেলা পর্যায়ের ৪৮ দশমিক ৬ শতাংশ দক্ষ জনবল, ৫১ দশমিক ৪ শতাংশ প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং ৬ দশমিক ২ শতাংশ নিরাপত্তা সামগ্রীর ঘাটতি হাসপাতালগুলোতে রয়েছে।
গবেষণায় অন্তর্ভুক্ত শতভাগ হাসপাতালে চিকিৎসক এবং ৮৯ দশমিক ১ শতাংশ হাসপাতালে নার্সের পদ শূন্য থাকলেও গত তিন মাসে ৫৬ দশমিক ৮ শতাংশ হাসপাতালে চিকিৎসক এবং ৪৮ দশমিক ৫ শতাংশ হাসপাতালে নার্স নিয়োগ দেওয়া হয়নি।
রোগী না থাকার কথা বলে কয়েকটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল ইতোমধ্যে বন্ধ করা হলেও টিআইবির জরিপে দেখা যায়, প্রয়োজন থাকা সত্ত্বেও সেবা গ্রহীতাদের ৫ দশমিক ৪ শতাংশ অক্সিজেন সরবরাহ, ৩২ দশমিক ৪ শতাংশ ভেন্টিলেশন সেবা এবং ৩০ দশমিক ২ শতাংশ আইসিইউ শয্যা পায়নি।
গবেষণায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষায়ও দুর্নীতির চিত্র উঠে এসেছে।
টিআিইবি অভিযোগ করেছে, যাচাই না করার ফলে লাইসেন্সবিহীন এবং ভুয়া হাসপাতাল ও প্রতিষ্ঠানের সাথে স্বাস্থ্য অধিদপ্তর নমুনা পরীক্ষার চুক্তি করেছে।
টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, “এখনও নমুনা পরীক্ষার ফল পেতে ৩৪ দশমিক ৪ শতাংশ সেবা গ্রহীতাকে তিন বা ততধিক দিন প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হয়। এছাড়াও জরিপে সেবাগ্রহীতাদের ৯ দশমিক ৯ শতাংশ নমুনা পরীক্ষায় ভুল প্রতিবেদন পাচ্ছেন।”
টিআইবি বলছে, জরুরি পরিস্থিতির ‘সুযোগ নিয়ে’ পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ ‘লঙ্ঘন’ করে বিভিন্ন প্রকল্পে সরাসরি ক্রয় পদ্ধতি ব্যবহার করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
“অনেক ক্ষেত্রে মৌখিক আদেশে ক্রয় করা হয়েছে এবং কোনো ক্রয়ে ই-জিপি মাধ্যম ব্যবহার করা হয়নি। কয়েকটি সিন্ডিকেট কর্তৃক স্বাস্থ্য খাতের সকল ধরনের ক্রয় নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে যার সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি, বিভিন্ন হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তাসহ দুদকের কিছু কর্মকর্তার সম্পৃক্ত থাকার অভিযোগও পাওয়া যায়।”
তথ্য ঘাটতি ও মতপ্রকাশে বিধি-নিষেধের বিষয়ে টিআইবি বলছে, সংক্রমণ পরিস্থিতির উন্নতি দাবি করে অধিদপ্তর হতে টেলিভিশনে প্রচারিত নিয়মিত বুলেটিনটি ১২ অগাস্ট থেকে বন্ধ করে দেওয়া হয়। ১৮ আগস্ট সরকারি কর্মচারী কর্তৃক গণমাধ্যমে মহামারী বিষয়ক তথ্য ও মতামত প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
মতপ্রকাশের স্বাধীনতার বিপরীতে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার েএসময়ে উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে বলে টিআইবির পর্যবেক্ষণ।
ডিজিটাল নিরাপত্তা আইনে ২০২০ সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত ২৯১ জনের বিরুদ্ধে মোট ১৪৫টি মামলার তথ্য দেওয়া হয় প্রতিবেদনে। এদের মধ্যে ৬০ জন সাংবাদিকের বিরুদ্ধে ৩৪টি মামলা এবং ৩০ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।
টিআইবি বলছে, “ডিজিটাল আইনে হওয়া মামলাগুলোর তিন-চতুর্থাংশের বেশি সরকার, সরকারি দলের লোকজন এবং সরকারের কাজকর্ম নিয়ে সমালোচনামূলক মন্তব্যের অভিযোগের প্রেক্ষিতে করা হয়েছে।”
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য মতে, এই নয় মাসে ক্ষমতাসীন দলের নেতাদের নিয়ে সমালোচনাধর্মী সংবাদ প্রকাশের কারণে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের ১০ জন সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
দুর্নীতির বিষয়ে টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, “জরিপে নগদ সহায়তা উপকারভোগীদের ১২ শতাংশ তালিকাভুক্ত হতে এবং নগদ সহায়তায় উপকারভোগীদের ৫৬ শতাংশ সহায়তা পেতে অনিয়ম ও দুর্নীতির শিকার হয়েছিলেন। করোনাকালীন যেসব জনপ্রতিনিধির বিরুদ্ধে দুনীতির প্রমাণ মিলেছে, তাদের ৯০ জনই ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত।
“প্রণোদনা প্যাকেজ থেকে বিতরণে বৈষম্য ও দুর্নীতি হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর একটা বড় অংশ করোনাকালে সরকারের প্রণোদনা সহায়তা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছে।”
টিআইবির প্রতিবেদন বলা হয়েছে, তিন পার্বত্য জেলা ও সমতলে সাঁওতালসহ অন্য জাতিগোষ্ঠীর মাত্র ৪ হাজার ১০০টি উপকারভোগী পরিবার (মোট পরিবারের ২৫ শতাংশ) সরকারি সুবিধা পেয়েছে। সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পাঁচ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়ে পড়েছে। সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বেতনভোগী কর্মজীবীদের ৭২ শতাংশ চাকরি হারিয়েছেন।
জীবনের ঝুঁকি নিয়ে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সরাসরি সেবা দিতে গিয়ে এ পর্যন্ত সারা দেশে সাত হাজার ২৪৯ জন চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন এবং ১০০ জন চিকিৎসক ও ১০ জন নার্স মারা গেছেন।
কিন্তু ৯ জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে তাদের জন্য ঘোষিত বিশেষ প্রণোদনা বা বিশেষ সম্মানী (দুই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ এককালীন প্রদান) চার মাস অতিবাহিত হলেও দেওয়া হয়নি বলে উঠে এসেছে এই গবেষণা প্রতিবেদনে।
মহামারী মোকাবিলায় সরকারের কিছু কার্যক্রমে উন্নতি হলেও গৃহীত বিভিন্ন কার্যক্রমে এখনও সুশাসনের ব্যাপক ঘাটতির কথা বলা হয়েছে প্রতিবেদনে।
টিআইবি বলছে, “স্বাস্থ্যখাতে গভীরভাবে বিস্তৃত দুর্নীতি করোনা সংকটে প্রকটভাবে উন্মোচিত হওয়ার পাশাপাশি এই সংকটকে কেন্দ্র করে দুর্নীতির নতুন সুযোগও সৃষ্টি হয়েছে। এছাড়া সরকারের সংকোচনমূলক নীতি প্রয়োগের সেবা ও নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা হ্রাস হওয়াকে রাজনৈতিক অর্জন হিসেবে ব্যবহার করা হচ্ছে।”
ইফতেখারুজ্জামান (ফাইল ছবি)
ইফতেখারুজ্জামান বলেন, “করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় জাতীয় এবং স্থানীয় উভয় পর্যায়েই সুশাসনের সবগুলো নির্দেশকেই ব্যত্যয় ঘটেছে এবং ব্যাপক ঘাটতি রয়েছে। স্বাস্থ্যখাত যে চাপের মধ্যে পড়েছে এ দুইয়ের সুযোগ নিয়ে দুর্নীতিবাজ, দুর্নীতির সুবিধাভোগী এবং দুর্নীতিতে নিমজ্জিত ব্যক্তিবর্গ দুর্নীতির মহোৎসবে নেমেছে। ফলে ব্যাপক দুর্নীতি সংঘটিত হয়েছে এবং হচ্ছে।
“এই ক্ষেত্রে জবাবদিহিতার কোনো দৃষ্টান্ত যেমন ছিল না তেমনি কোনো নিয়ন্ত্রণ, তদারকিও ছিল না বললেই চলে। দুর্নীতি নিয়ন্ত্রণের নামে কোনো কোনো ক্ষেত্রে বিভাগীয় পদক্ষেপের অংশ হিসেবে কেবল বদলি এবং ওএসডিনির্ভর এক ধরনের আনুষ্ঠানিকতা দেখা গেছে। কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির কোনো নমুনা আমরা দেখতে পাইনি।”
মহামারীর মধ্যে দুদকের ভূমিকা নিয়ে ইফতেখারুজ্জামান বলেন, “দুদক কিছুটা সক্রিয় হলেও নিজস্ব এক ধরনের সীমারেখার ভিতরেই তারা বিচরণ করছে। ফলে যারা দুর্নীতির তথাকথিত রুই-কাতলা, তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে, শুধু সামনের সারিতে থাকা কিছু ব্যক্তিকে টানাহেঁচড়া করা হয়েছে।
মহামারীকালে স্বাস্থ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি একটি বৈঠকও করেনি উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, “তারা সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিলো। হয়তবা এর মধ্যে তাদের স্বার্থের দ্বন্দ এবং দুর্নীতি যারা করেন তাদের সুরক্ষা দেওয়ার মানসিকতা থাকতে পারে।”
শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “শীত মৌসুমে সংক্রমণের দ্বিতীয় ঢেউ বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে মাননীয় প্রধানমন্ত্রী সতর্কবার্তা দিলেও বাস্তবে বিক্ষিপ্ত কিছু ঘোষণা ছাড়া আমরা সুনির্দিষ্ট কোনো নীতিমালা বা কৌশল দেখতে পাই না।”
