সড়ক ও জনপথের সাবেক প্রকৌশলী ও স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলা
তিন কোটি টাকার বেশি `অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাওয়েদ আলম ও তার স্ত্রী আনোয়ারা বেগমের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বৃহস্পতিবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন মামলা দুটি করেন বলে পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এক মামলায় জাওয়েদ আলমকে একমাত্র আসামি করা হয়। অপর মামলায় অবৈধ সম্পদ অর্জনে আনোয়ারাকে সহযোগিতা করার অভিযোগে তাকেও আসামি করা হয়েছে।
জাওয়েদ আলমের বিরুদ্ধে মামলায় ৮৪ লাখ ৬৪ হাজার ৭৮০ টাকার ‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অন্য মামলায় তার স্ত্রীর নামে দুই কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৬২৩ টাকার অবৈধ সম্পদ থাকার অভিযোগ আনা হয়েছে।
জাওয়েদ আলমের বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়ে, তিনি ‘অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ’ স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করেছেন।
অন্য মামলায় আনোয়ারা বেগমকে প্রধান করে বলা হয়েছে, তিনি স্বামীর সহযোগিতায় দুই কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৬২৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
এজাহারে বলা হয়েছে, “আনোয়ারা বেগম একজন গৃহিনী। তিনি কমিশনে যে সম্পদ বিবরণী জমা দিয়েছেন তা যাচাই করে বৈধ আয়ের কোনো উৎস পাওয়া যায়নি।
“প্রকৃতপক্ষে তার মালিকানাধীন সম্পদ তার স্বামী জাওয়েদ আলমের অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত হয়েছে। তার মালিকানাধীন সম্পদ অর্জনের অবৈধ উৎসকে বৈধতা দিতে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসার আয় বলে উল্লেখ করলেও তা সঠিক নয়।”
