২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গুজব ও সাম্প্রদায়িক উসকানি’ নিয়ে মহিলা পরিষদের উদ্বেগ

‘গুজব ও সাম্প্রদায়িক উসকানিতে’ হত্যা-হামলার সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2020, 09:26 PM

Updated : 18 Aug 2022, 04:01 PM

সোমবার এক বিবৃতিতে দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে নানা রকম গুজব এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য ছড়ানো হচ্ছে।

“উগ্র ধর্মীয় মৌলবাদসহ নানা রকম বিচ্ছিন্ন ঘটনা জনজীবনকে নিরাপত্তাহীন ও বিপন্ন করে তুলছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ে ষড়যন্ত্রের শিকার হচ্ছে।”

এই ‘অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে’ সাম্প্রদায়িক গোষ্ঠীও নানা অপতৎপরতা চালাচ্ছে মন্তব্য করে বিবৃতিতে বলা হয়, “লালমনিরহাটের পাটগ্রাম, কুমিল্লার মুরাদনগরসহ আরও কয়েকটি স্থানে এই ধরনের দুঃখজনক, নৈরাজ্যকর ঘটনায় বাংলাদেশের সকল সম্প্রদায়ের নাগরিকদের নিরাপত্তার বিষয়টি আজ গভীর বিবেচনার দাবি রাখে।”

ফ্রান্সের একটি সাময়িকীতে হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ক্ষোভ চলছে।

এর মধ্যেই লালমনিরহাটের বুড়িমারী বাজারে গত বৃহস্পতিবার কোরআন অবমাননার অভিযোগ তুলে এক ব্যক্তিকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করে উত্তেজিত জনতা।

লালমনিরহাটের ওই ঘটনায় পুরো দেশ যখন স্তম্ভিত, এর মধ্যেই ফেইসবুকে ধর্ম অবমাননার গুজবে শনিবার রাতে কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ ধরনের পরিবেশ ‘গ্রহণযোগ্য হতে পারে না’ মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছে মহিলা পরিষদ। সব ধরনের অপতৎপরতা বন্ধে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তাদের বিবৃতিতে।

এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্র, সরকার ও প্রসাশনকে প্রয়োজনীয় সকল ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি সাম্প্রদায়িক উসকানিসহ যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে সকল সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে মহিলা পরিষদ।