২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবরার হত্যা মামলায় বুয়েট শিক্ষকের সাক্ষ্য

আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় সাক্ষ্য দিয়েছেন বুয়েটের এক শিক্ষক।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2020, 09:13 PM

Updated : 18 Aug 2022, 04:01 PM

তিনি হলেন শেরে বাংলা হলের সহকারী প্রাধ্যক্ষ (সংস্থাপন) ও আইএটি বিভাগের সহকারী অধ্যাপক ড. ইফতেখার আহমেদ খান।

গত বছরের ৬ অক্টোবর শেরে বাংলা হলেরই একটি কক্ষে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে মারা গিয়েছিলেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার।

সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে সাক্ষ্য দেন ড. ইফতেখার।

এরপর তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। বিচারক পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য মঙ্গলবার দিন ঠিক করেছেন।

এ নিয়ে মামলার ৬০ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

এদিকে আসামি মোরশেদ অমর্ত্য ইসলামের আইনজীবী আজিজুর রহমান দুলু আদালতের কার্যক্রম, সাক্ষীদের জবানবন্দি ও জেরার অডিও-ভিডিও করার জন্য আবেদন করেছেন।

আবেদনে তিনি যুক্তরাষ্ট্র ও জার্মানির দুটি মামলার নজির ও সিদ্ধান্ত তুলে ধরে এই আবেদন করেন।

বাংলাদেশে কোনো মামলার বিচারে এই প্রথম এই ধরনের আবেদন হল বলে আজিজুর রহমান জানিয়েছেন।

বিচারক আবেদন গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

আবরার হত্যাকাণ্ডের পরদিন তার বাবা বরকত উল্লাহ কুষ্টিয়া থেকে এসে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। এক মাস পর ২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।

আসামিদের মধ্যে এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন এবং এজাহারবহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তিন আসামি পলাতক রয়েছেন।