২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের তলব: ডিএজি রূপার রিট কার্যতালিকা থেকে বাদ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঠানো নোটিস চ্যালেঞ্জ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপার রিট আবেদন হাই কোর্টের একটি বেঞ্চের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2020, 01:08 PM

Updated : 18 Aug 2022, 04:01 PM

সোমবার বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাই কোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য তোলা হলে তা কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়।

রিটের পক্ষে আইনজীবী ছিলেন জেড আই খান পান্না ও আইনজীবী সুরাইয়া বেগম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

রিটটি উপস্থাপন করা হলে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক রিট আবেদনকারীর পরিচয় জানতে চায়।

তখন আবেদনকারী পক্ষের আইনজীবী সুরাইয়া বেগম বলেন, আবেদনকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপা।

বিচারক তখন বলেন, “তিনি তো আমাদের প্রতিবেশী। আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকি। তাই এটা (রিটটি) না হয় আপনারা শুনানির জন্য অন্য জায়গায় নিয়ে যান। আরও বেঞ্চ তো আছে। যেহেতু আমরা কাছাকাছি থাকি, তাই এটা আমরা শুনতে চাচ্ছি না।”

তখন আইনজীবী জেড আই খান পান্না বিচারককে বলেন, “আমরা জাস্টিস চাচ্ছি আপনার কাছে, ফেভার চাচ্ছি না।”

বিচারক তখন বলেন, “আবেদনটি আপনারা এখতিয়াভুক্ত যে কোনো আদালতে উপস্থাপনের স্বাধীনতা পাবেন। আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিলাম।”

গত বুধবার দুদকের নোটিস পাওয়ার পর রোববার সেটি চ্যালেঞ্জ করে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন রাষ্ট্রের আইন কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী রূপা।

দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিমের পাঠানো ওই নোটিসে আগামী ৪ নভেম্বর সকাল ১০টায় রূপাকে ঢাকার সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সেখানে বলা হয়েছে, রাষ্ট্রের এই আইন কর্মকর্তা ‘বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহন করে জি কে শামীমসহ বিভিন্ন আসামির সাথে আঁতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়াসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন’ বলে অভিযোগ রয়েছে।

রূপার রিট আবেদনে দুদকের ওই নোটিসের কার্যক্রম স্থগিত চাওয়ার পাশাপাশি রুল জারির আর্জি জানানো হয়েছিল।

‘হয়রানি করার জন্য অসৎ উদ্দেশ্যে বিধি বিহির্ভূতভাবে জারি করা ওই নোটিস কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না’- তা জানতে রুল চেয়েছিলেন রূপা। 

আবেদনে স্বরাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশেনর চেয়ারম্যান, দুদকের মহাপরিচালক (বিশেষ অনুসন্ধান এবং তদন্ত-২) এবং উপরিচালক (বিশেষ অনুসন্ধান এবং তদন্ত-২) কে বিবাদী করা হয়েছে।

পুরনো খবর:

জি কে শামীমের জামিন: ডেপুটি অ্যাটর্নি জেনারেল রূপাকে দুদকে তলব