এরফান সেলিম ও তার দেহরক্ষী ফের রিমান্ডে
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় হাজী সেলিমের ছেলে এরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
তিন দিনের রিমান্ড শেষে রোববার তাদেরকে আদালতে হাজির করে ফের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মবিনুল হক।
ঢাকার মহানগর হাকিম জিয়াউর রহমান শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিদের পক্ষে শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আশরাফ এর বিরোধিতা করেন।
এ মামলায় ২৮ অক্টোবর দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন একজন হাকিম।
তার আগের দিন দিপুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন বিচারক।
ওইদিন রাত সাড়ে ৩টার দিকে ডিএমপির রমনা গোয়েন্দা বিভাগের একটি দল টাঙ্গাইল থেকে তাকে গ্রেপ্তার করে।
গত ২৫ অক্টোবর নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান মটরসাইকেলে করে যাচ্ছিলেন। এমপি হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর এরফান সেলিমের গাড়িটি তাকে ধাক্কা মারে। এরপর তিনি সড়কের পাশে মটরসাইকেলটি থামিয়ে গাড়ির সামনে দাঁড়ান এবং নিজের পরিচয় দেন। তখন গাড়ি থেকে এরফানের সঙ্গে থাকা অন্যরা একসঙ্গে তাকে কিল-ঘুষি মারেন এবং মেরে ফেলার হুমকি দেন। তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
এ ঘটনায় ২৬ অক্টোবর সকালে ইরফান সেলিম, তার বডিগার্ড মো. জাহিদুল মোল্লা, এ বি সিদ্দিক দিপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে ধানমণ্ডি থানায় একটি মামলা করেন।
গত ২৬ অক্টোবর হাজী সেলিমের গাড়ি চালক মিজানুর রহমানের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ২৮ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়েছে। এরফান সেলিমের ব্যক্তিগত কর্মকর্তা এ বি সিদ্দিক দিপুকে তিন দিনের রিমান্ড শেষে ফের দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
