২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পীর হাবিবের বাড়িতে হামলা: স্থানীয়দের বিরুদ্ধে পুলিশের মামলা

ঢাকার উত্তরায় বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনায় স্থানীয় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2020, 10:09 PM

Updated : 18 Aug 2022, 03:54 PM

বৃহস্পতিবার উত্তরা পূর্ব থানায় মামলাটি করা হয় বলে থানার ওসি নূরে আলম সিদ্দীক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “পুলিশ বাদী হয়ে এই মামলা করেছে। মামলাটিতে অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।”

এই মামলায় এক নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান।

তিনি বলেন, “মামলায় গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার পাশাপাশি পুলিশের কাজে বাধা, পুলিশের উপর হামলা, বাসা এবং গাড়ি ভাংচুর, অবৈধ সমাবেশের অভিযোগ আনা হয়েছে।”

পীর হাবিবের গৃহকর্মীর কাণ্ডে তুলকালাম  

উত্তরা ৪ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের ছয়তলা একটি ভবনের পঞ্চম তলায় নিজের ফ্ল্যাটে থাকেন সাংবাদিক পীর হাবিব।

তার গৃহকর্মী বুধবার দুপুরে ‘বাঁচাও-বাঁচাও’ চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসে।

পরে তার মৃত্যুর খবর ছড়ালে ওই বাড়ির ফটক ভেঙে ঢুকে ভাংচুর করে জনতা।

পীর হাবিব জানিয়েছেন, ঘটনার সময় তারা কেউ বাসায় ছিলেন না। ওই গৃহকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাকে আইসোলেশনে রাখা হয়েছিল।

২০ বছর বয়সী ওই নারী গৃহকর্মী বাড়ি ফিরতে এই কাণ্ড ঘটিয়েছিলেন বলে উত্তরা পূর্ব থানার এসআই জিল্লুর রহমান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই গৃহকর্মীকে তার স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এরপর গুজব ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করা হয়।”