প্রতিবন্ধীদের মানবসম্পদে পরিণত করা হবে: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দৃষ্টি প্রতিবন্ধীসহ সব ধরনের প্রতিবন্ধীদের শিক্ষা ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করা হবে।
‘বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৫টি বিশেষ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় এবং ৬৪ জেলায় ৬৪টি সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এছাড়াও দৃষ্টি প্রতিবন্ধীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে ৯টি কারিগরি ও বৃত্তিমূলক আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।
প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির পরিমাণ প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে শতভাগ প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তির আওতায় আনা হয়েছে বলেও মন্ত্রী জানান।
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আধুনিক প্রযুক্তির স্মার্ট সাদা ছড়ি বিতরণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে সব দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি যাতে তা পায় সে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন অংশ নেন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জয়নুল বারী।
অনুষ্ঠান শেষে দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে স্মার্ট সাদা ছড়ি বিতরণ করা হয়।
