২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা সঙ্কট: আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা চান বিগান

রোহিঙ্গা সঙ্কটের দীর্ঘমেয়াদী সমাধানে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোতে জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিভেন বিগান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2020, 03:03 PM

Updated : 10 Oct 2022, 07:28 PM

পুরনো খবর:

মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনায় ঢাকা-ওয়াশিংটন
যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী বিগান ঢাকায়

বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, “রোহিঙ্গাদের বিষয়ে আঞ্চলিক ও বৈশ্বিকভাবে সব দেশের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করতে চাই আমি। এটা কেবল বাংলাদেশ সরকারের দায়িত্ব নয়, বৈশ্বিক অগ্রাধিকার।

“ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সব দেশের উচিত সঙ্কট সমধানে মিয়ানমার যাতে উদ্যোগী হয়, সেজন্য সমানভাবে স্পষ্টভাষী হওয়া।”

২০১৭ সালের ২৫ অগাস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আগে থেকে বাংলাদেশে ছিল আরও চার লাখ রোহিঙ্গা।

আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও সেই প্রত্যাবাসন আজও শুরু হয়নি।

গত বছর দুই দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও রাখাইন রাজ্যের পরিবেশ নিয়ে শঙ্কার কথা তুলে ধরে ফিরতে রাজি হননি রোহিঙ্গারা।

রোহিঙ্গাদের ফেরানোর ক্ষেত্রে বাংলাদেশে অব্যাহতভাবে দাবি জানিয়ে এলেও মহামারীর মধ্যে গত কয়েক মাসে সে বিষয়ে কোনো উদ্যোগ নেই।

তবে কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে উদ্যোগী ভূমিকায় আছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা।

এর মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বে আরেকটি ‘দীর্ঘমেয়াদি’ জয়েন্ট রেসপন্স প্রোগ্রাম আলোচনায় থাকলেও বাংলাদেশ চায় রোহিঙ্গাদের রাখাইনে ফেরানোর বিষয়ে জোর দিতে। ২২ অক্টোবর জয়েন্ট রেসপন্স প্রোগ্রামের আলোচনা হওয়ার কথা রয়েছে।

আগের রেসপন্স প্ল্যানের সঙ্গে এবারের উদ্যোগের পার্থক্য নিয়ে এক প্রশ্নে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী বিগান বলেন, “আমরা এটাকে রোহিঙ্গা সঙ্কটের দীর্ঘস্থায়ী সমাধান হিসাবে দেখি না। বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা একমত যে, রোহিঙ্গাদের অধিকার পুনরুদ্ধার ও ক্যাম্প থেকে তাদের ফিরে যাওয়ার উপর ভিত্তি করে সমাধান খুঁজে বের করা প্রয়োজন।

“রোহিঙ্গাদের তাৎক্ষণিক মানবিক প্রয়োজন মেটানোর পাশাপাশি সঙ্কটের দীর্ঘস্থায়ী সমাধানে পৌঁছানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ দ্বিগুণ করতে হবে।”

তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কটে যুক্তরাষ্ট্র ‘সবসময় স্পষ্টভাষী’ ছিল এবং মিয়ানমারের ভেতরে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধে এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক প্রভাবও ব্যবহার করেছে।

বৃহস্পতিবারের বৈঠকে রোহিঙ্গা জনগোষ্ঠীর সমস্যা নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়ে বিগান বলেন, “এক্ষেত্রে কেবল তাদের জরুরি প্রয়োজন মেটানো নয়, পাশাপাশি বাংলাদেশের কাঁধ থেকে এ বোঝা নামানো জন্য, স্থায়ী সমাধানের জন্য বিরাজমান ইস্যুগুলোকে সমন্বয় করতে আমরা কীভাবে একসঙ্গে কাজ করতে পারি, তা আলোচনায় ছিল।”

যৌথ সংবাদ সম্মেলনে বিগান বলেন, যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে দেখে এবং অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়তে সেই অংশীদারিত্ব বাড়াতে চায়।

“এই অঞ্চলে আমাদের কাজের ক্ষেত্রে কেন্দ্রভূমি হবে বাংলাদেশ।”

Image
ঢাকায় রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় বৃহস্পতিবার এক যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। ছবি: মাহমুদ জামান অভি

ঢাকায় রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় বৃহস্পতিবার এক যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। ছবি: মাহমুদ জামান অভি

বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে ফেরানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, “আমরা আলোচনা করেছি, এটা যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল দেখে থাকেন। তারা এ বিষয়টি রিভিউ করছেন বলে জানিয়েছেন।”

যুক্তরাষ্ট্রের মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে বিগান বলেন, “আমেরিকার জনগণ ও বাংলাদেশি আমেরিকানদের কল্যাণে বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি বাড়াতে চাই আমরা।”

যুক্তরাষ্ট্রে পড়তে যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা সম্পর্কে এক প্রশ্নে তিনি বলেন, কোভিড-১৯ এর কারণে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোতে লোকবলের সঙ্কট রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রেও এ রোগের প্রকোপ এ সমস্যার একটি কারণ।

“নীতিগতভাবে এখানে কোনো বাধা নেই। টিকার মাধ্যমে বড় রকমের চিকিৎসা শুরু হলে এ সমস্যা কেটে যাবে।”

তিন দিনের সফরে বুধবার বিকাল ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিভেন বিগান। রাতে ঢাকার একটি হোটেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে তার বৈঠক হয়। সেখানে মহামারী পরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধারের অংশ হিসাবে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা নিয়ে কথা হয়।

সফরের দ্বিতীয় দিন সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন বিগান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার সাক্ষাতের সূচি রয়েছে।