২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহামারী: শিক্ষকের উপস্থিতির বিষয়ে ‘স্পষ্ট’ করেছে মাউশি  

করোনাভাইরাস মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিকের সব শিক্ষকের উপস্থিতির বিষয়ে ‘স্পষ্ট’ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2020, 01:12 AM

Updated : 18 Aug 2022, 03:54 PM

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে, যাতে বলা হয়েছে বিদ্যালয়ে এখন সব শিক্ষকের ‍উপস্থিতি অত্যাশ্যক নয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং হতে গত ২২ সেপ্টেম্বর ‘শিক্ষা কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আকস্মিক পরিদর্শন’ শিরোনামে একটি চিঠি দেওয়া হয়েছিল, যাতে বিদ্যালয়ে শিক্ষকদে উপস্থিতিও দেখতে বলা ছিল।

শিক্ষকদের এখনও স্কুলে যাওয়ার বাধ্যবাধকতা নেই: গণ‌শিক্ষা সচিব  

নতুন চিঠিতে বলা হয়, “করোনাকালীন পরিদর্শন তথ্য ছকে শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য এর ১১নং ক্রমিকে বর্ণিত সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারী নিয়মিত উপস্থিত থাকেন কি না- এ বিষয়টি স্পষ্টীকরণের লক্ষ্যে বলা হচ্ছে, সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারী বলতে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ল্যাব ও আইসিটি উপকরণসমূহ রক্ষণাবেক্ষণ ও সচল রাখা, নিয়মিত পতাকা উত্তোলন ও নামানো, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি মনিটরিং ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীদের বোঝানো হয়েছে, এ অর্থে সকল শিক্ষক নয়।”

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং) প্রফেসর মো. আমির হোসেন স্বাক্ষরিত চিঠি অধিদপ্তরের সব আঞ্চলিক পরিচালক, সব জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।