ইউএনওকে লাঞ্ছনা: বেড়ার পৌর মেয়র বাতেন বরখাস্ত
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লাঞ্ছিত করার অভিযোগ ওঠায় পাবনার বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এবিষয়ে মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উন্নয়ন সমন্বয় সভায় ইউএনও আসিফ আনাম সিদ্দিকীর অভিযোগের পরদিনই পৌর মেয়রকে বরখাস্ত করা হল।
প্রজ্ঞাপনে বলা হয়, মাসিক সমন্বয় সভাকালে পৌর মেয়র আব্দুল বাতেন ইউএনওকে শারিরীকভাবে লাঞ্ছিত করেন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখান।
জেলা প্রশাসক ‘এটা শিষ্টাচারবহির্ভূত ও বেআইনি কর্মকাণ্ড অসদাচরণের শামিল’ উল্লেখ করে পৌর মেয়রের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার প্রতিবেদনও দিয়েছে।
উপ সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী পৌর মেয়র আব্দুল বাতেনের অসদাচরণ, শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড ও ক্ষমতার অপব্যবহার পৌর পরিষদসহ জনস্বার্থ পরিপন্থী বলে সরকার মনে করে। আইনের ৩১(১) অনুযায়ী মো. আব্দুল বাতেনকে বেড়া পৌরসভার মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হল।
