পল্লবীতে কিশোরী ধর্ষণে গ্রেপ্তার ৪ যুবক রিমান্ডে
ঢাকার পল্লবী এলাকায় এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের মামলায় গ্রেপ্তার চার যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
পুলিশ তাদের সোমবার ঢাকার আদালতে হাজির করা হলে মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া তিন দিন হেফাজতের আদেশ দেন।
এই যুবকরা হলেন- মো. জুয়েল, আব্দুর রহমান মিন্টু, হৃদয় ও আলামিন।
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার পরিদর্শক (নিরস্ত্র) আবু সাইদ আল মামুন চার আসামিকে সাত দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেছিলেন।
আসামিদের পক্ষে তাদের আইনজীবী মোহাম্মদ আমিন আহমেদ (হীরা) রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন।
শনিবার রাতে পল্লবীর কালসীর একটি মেসে ১৩ বছর বয়সী ওই কিশোরীকে ধর্ষণ করেন কয়েকজন।
ওই কিশোরী দুই দিন আগে নোয়াখালী থেকে কালসীতে বাবার কাছে বেড়াতে এসেছিল।
পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবার সঙ্গে শনিবার রাতে রাগ করে বাসা থেকে বের হয়েছিল শিশুটি। কিছু দূর গিয়ে মেয়েটি পথ হারিয়ে ফেলে।
“এ সময় চারজন মেয়েটিকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে কালসীর একটি মেসে নিয়ে যায়। সেখানে তারা মেয়েটিকে ঘুমের ওষুধ খাইয়ে রাতভর ধর্ষণ করে।”
তিনি বলেন, রোববার সকালে মেয়েটির চেতনা ফিরলে সে কান্নাকাটি শুরু করে দেয়। এ ফাঁকে ওই চারজন পালিয়ে যান। আশপাশের লোকজন এসে ঘটনা শুনে মেয়েটিকে থানায় নিয়ে আসে।
তখন ওই কিশোরীকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায় পুলিশ।
এরপর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণে জড়িত সন্দেহে ওই চার যুবককে গ্রেপ্তার করে।
