২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2020, 12:18 PM

Updated : 08 Apr 2022, 01:28 AM

উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অসুস্থ বোধ করায় রোববার সকালে পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মেয়র ও তার স্ত্রী। রাতে ফলাফলে দুজনেরই করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে।

মামুন বলেন, “মেয়র বাসায় আছেন। তার সামান্য উপসর্গ আছে। শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। রোগমুক্তির জন্য তারা নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন।"

এদিকে উত্তর সিটি করপোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জোবাইদুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, মেয়রের এপিএস-২ রিশাদ মোর্শেদ, অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন, অঞ্চল-৮ এর নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী এবং অঞ্চল-১ এর সহকারী নির্বাহী প্রকৌশলী এবং কার্য সহকারীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানান মামুন।

বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হন। এরপর চলতি বছরের ১ ফেব্রুয়ারিতে তিনি পুনর্নির্বাচিত হন।