২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের মামলায় তিতাসের দুই কর্মকর্তার ৫ বছরের সাজা

ঘুষ নেওয়ার মামলায় ডেমরার তিতাস গ্যাসের দুই কর্মকর্তাকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে ঢাকার আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2020, 06:43 PM

Updated : 08 Apr 2022, 01:27 AM

রোববার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- ডেমরার তিতাস গ্যাস অফিসের উপসহকারী পরিচালক কামরুজ্জামান সরকার ও টেকনিশিয়ান আব্দুর রহিম।

পাশাপাশি তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জুয়েল সাংবাদিকদের জানান, রায় ঘোষণার সময় কামরুজ্জামান সরকার আদালতে উপস্থিত ছিলেন। আব্দুর রহিম অসুস্থ থাকায় রায় ঘোষণা পেছানোর আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন। 

মামলার বিবরণে জানা যায়, রাজধানীর দক্ষিণখানে অবস্থিত নিপ্পন সোয়েটার্সের মালিক ডি এম আসাদুজ্জামান আওলাদ তার প্রতিষ্ঠানের গ্যাস মিটার সংযোগের জন্য আবেদন করেন। এ দুই আসামি তার কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন এবং না দিলে মিটার সংযোগ দেওয়া হবে না বলে হুমকি দেন। গ্যাস বন্ধ থাকায় ব্যবসার ক্ষতির কথা বিবেচনা করে তিনি টাকা দিতে রাজি হন।

২০০৭ সালের ১০ জুন বেলা ৪টার দিকে কামরুজ্জামান দুই হাজার টাকা এবং ১৩ জুন বিকেলে আব্দুর রহিম সাত হাজার টাকা প্রতিষ্ঠানের সহকারী হিসাব রক্ষক মোহাম্মদ আলীর কাছ থেকে নিয়ে যান। বাকি টাকা মিটার সংযোগের দিন দেওয়ার জন্য আসামিরা চাপ সৃষ্টি করলে তিনি তা দিতে রাজি হন।

আসাদুজ্জামান আওলাদ বিষয়টি র‌্যাব-১ কার্যালয়ে জানায়। মিটার সংযোগ দিয়ে আসামিরা ঘুষ নেওয়ার সময় র‌্যাব তাদের গ্রেপ্তার করে।