অনুমতি ছাড়া স্থাপন করায় গুঁড়িয়ে দেওয়া হল ‘আবরার স্মৃতিস্তম্ভ’
আবরার ফাহাদ হত্যার বার্ষিকীতে তার স্মরণে বুয়েটের পলাশী মোড়ে সড়ক দ্বীপে যে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছিল, তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলেছে, অনুমতি ছাড়া ‘অপরিকল্পিতভাবে’ সড়কের মাঝে এটি তৈরি করায় তা ভেঙে ফেলা হয়েছে।
‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’র ব্যানারে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে মঙ্গলবার রাতভর কাজ করে এই স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছিল।
নির্মাণ শেষে বুধবার বিকালে সেখানে শপথ পড়েন সংসদের কর্মীরা। এরপর সন্ধ্যায় একদল পুলিশের উপস্থিতিতে একটি বুলডোজার এসে তা গুঁড়িয়ে দেয়।
তবে লালবাগ ও শাহবাগ থানা পুলিশ বলছে, তারা এ বিষয়ে কিছু জানে না।
আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক আখতার হোসেন দাবি করেছেন, পুলিশই ‘উপরের নির্দেশে’ এই স্মৃতিস্তম্ভ ভেঙে দিয়েছে।
এক বছর আগে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে প্রাণ হারান তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী আবরার।
তার মৃত্যুতে বুয়েটে তীব্র আন্দোলনে অচল হয়ে পড়েছিল দেশে প্রকৌশল শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান বুয়েট। আন্দোলন ছড়িয়েছিল সারাদেশে।
আলোচিত এই হত্যাকাণ্ডের মামলায় এক বছর পর বিচার শুরু হয়েছে। আবরারের বাবা মামলার বাদী কুষ্টিয়া থেকে এসে এক দিন আগেই ঢাকার আদালতে সাক্ষ্য দেন।
আবরারের মৃত্যুর প্রথম বার্ষিকীতে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীরাই মূলত পলাশী মোড়ে ‘আগ্রাসন বিরোধী আট স্তম্ভ’ নির্মাণ করে।
আবরার ফাহাদ স্মরণে এমন করে নির্মিত হয়েছিল স্মৃতিস্তম্ভটি (বুধবার বিকালের ছবি)
বুধবার সন্ধ্যায় পুলিশের উপস্থিতিতে এটি ভেঙে ফেলার পর শাহবাগ থানার ওসি মামুন আর রশিদের কাছে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবিষয়ে আমরা কিছু জানি না। এটা লালবাগ থানার অধীনে।”
লালবাগ থানার ওসি একেএম আশরাফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকেলে দেখেছি, স্টুডেন্টরা সেখানে আন্দোলন করেছে। এখন রাস্তার মাঝখানে এটা কে ভেঙেছে, এই মুহুর্তে বলা যাচ্ছে না।”
“যেহেতু রাস্তার মাঝখানে তারা এটা করেছে, এটা সিটি কর্পোরেশনের জায়গায়, তারা ভেঙে থাকতে পারে,” বলেন তিনি।
যোগাযোগ করা হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “এটা সিটি কর্পোরেশনই ভেঙে ফেলেছে।”
কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “এই ধরনের স্তম্ভ তৈরি করতে হলে সিটি কর্পোরেশনের অনুমতি নিতে হয়। তারা অনুমতি না নিয়েই রাতারাতি এটা তৈরি করেছে। অনুমতি চাইলে তা একটি প্রক্রিয়ার মাধ্যমে করতে হয়, তারা সেটি করেনি।
“আরেকটি কারণ হচ্ছে, এটা রাস্তার মাঝখানে অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। তারা যেটা করেছে, তা রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তাই সিটি কর্পোরেশন এটা ভেঙে ফেলেছে।”
আবরার ফাহাদ স্মরণে বুয়েটের পলাশী মোড়ে নির্মিত হয়েছিল স্মৃতিস্তম্ভটি বুধবার সন্ধ্যায় ভেঙে ফেলে সিটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
স্মৃতিস্তম্ভটি ভেঙে ফেলার প্রতিক্রিয়ায় আবরার স্মৃতি সংসদের আহ্বায়ক আখতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ঘটনায় আমরা খুবই ক্ষুব্ধ। এর নিন্দা জানানোর ভাষা নেই।”
তিনি পুলিশকে দায়ী করে বলেন, “রাস্তার মাঝখানে যে চত্বরটি ছিল, সেখানেই এটা নির্মাণ করেছিলাম। এতে কারও সমস্যা হওয়ার কথা না। তবে এটা তাদের জন্য সমস্যা, যারা আবরার হত্যার সাথে জড়িত।”
আবরার হত্যাকাণ্ডে ছাত্রলীগের নেতা-কর্মীদের জড়িত থাকার কথাও বলেন আখতার।
আবরার ফাহাদ স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভটির সামনে বুধবার বিকালে শপথ নিয়েছিলেন পরিষদের কর্মীরা
স্মৃতিস্তম্ভটি তৈরি করে বিকালেই তার সামনে দাঁড়িয়ে শপথ নিয়েছিলেন পরিষদের নেতা-কর্মীরা।
আবরার ফাহাদের মতো আর যাতে কোনো শিক্ষার্থী নির্মমতার শিকার না হন, সেজন্য “সন্ত্রাসমুক্ত’ শিক্ষাঙ্গন গড়তে আবরারের স্মৃতিস্তম্ভে শপথ নেন তারা।
স্মৃতিফলকের আটটি স্তম্ভের ব্যাখ্যায় আখতার বলেছিলেন, সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি ও নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা ও মানবিক মর্যাদা এই আটটি বিষয়ের প্রতীকী অর্থ প্রকাশ করে এটি তৈরি করেন তারা।
