বাঁধের কাজ শীতের মধ্যে শেষ করার ‘নির্দেশ প্রধানমন্ত্রীর’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নদ-নদীর বাঁধ নির্মাণের কাজ শীতকালের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘চট্টগ্রাম জেলার উপকুলীয় এলাকার পোল্ডার নির্মাণ’ প্রকল্পের আলোচনাকালে প্রকৌশলীদের প্রতি তিনি এ নির্দেশনা দেন।
রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভাপরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পলিমাটি হওয়াতে বাঁধ তৈরি করলে ঝড় বৃষ্টিতে ভেসে যায়। তাই বার বার বাঁধ নির্মাণ করতে হবে। আর শীতকালের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন।
“তার (প্রধানমন্ত্রীর) ধারণা এই বছরে মাটির কাজ যেটা শুরু করা হয়, সেটা এই সময়ে শেষ করতে না পারলে পরে বর্ষাকাল আসলে বৃষ্টিতে তা ভেসে যাবে।”
পরিকল্পনামন্ত্রী বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্পন্ন গবেষণার ওপর জোর দিয়েছেন।
“বর্তমানে বিশ্ববিদ্যালয়ের গবেষণা টাকা দিয়ে ছাপাতে হয়। অথচ কোনও সচিব বা আমি যদি কোনও লেখা লেখি তাহলে প্রকাশনা সংস্থা আমার লেখা গ্রহণ করলে আমাকে টাকা দেন।”
