২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিও: শিক্ষকদের দাবি সংসদে তুলবেন শিল্পমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ নিয়ে শিক্ষকদের দাবি যৌক্তিক বলে স্বীকার করলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2020, 12:10 AM

Updated : 18 Aug 2022, 03:52 PM

শিক্ষকদের এই দাবি সংসদে তুলে ধরবেন বলেও শিক্ষক-কর্মচারী নেতাদের আশ্বস্ত করেছেন তিনি।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন এবং মুজিব জন্মশতবর্ষে এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী।

বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে।

সভায় হুমায়ূন বলেন, “এ প্রতিষ্ঠান থেকে আমরা সকলেই শিক্ষা গ্রহণ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই প্রতিষ্ঠানের একজন যোগ্য শিক্ষার্থী এবং তিনি শিক্ষকদের সম্মান করে থাকেন।

“এই বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিকাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছেন। কোভিড-১৯ এর প্রভাব কাটিয়ে ওঠে পর্যায়ক্রমে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ করার সুযোগ তৈরি হবে বলে আশা করছি।”

শিল্পমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ঠ অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শোভন কর্ম এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মত এসডিজি লক্ষ্য অর্জনে সরকার উন্নত দেশগুলোর আদলে বাংলাদেশেও শিক্ষকদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের সভাপতি মো. সাইদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে হাই কোর্টের বিচারপতি এম ফারুক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান, ফোরামের যুগ্ম মহাসচিব উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, মো. আবদুল জব্বার,  জি এম শাওন, সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম মাসুদ বক্তব্য দেন।

বক্তারা বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু গণমুখী শিক্ষাব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নিয়েছিলেন। জীবন-ঘনিষ্ঠ শিক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে আত্মনির্ভরশীল ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী জাতি বিনির্মাণের লক্ষ্যে নৈতিক ও মানবিক গুণাবলীসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার উপযোগী শিক্ষা ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দিয়েছিলেন। তার শিক্ষা দর্শনের অনুকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী গুণগত শিক্ষার সম্প্রসারণে নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।