শিশু অধিকার সপ্তাহ সোমবার শুরু
বিশ্ব শিশু দিবসের কর্মসূচির সঙ্গে এবার আগামী সোমবার থেকে শিশু অধিকার সপ্তাহ পালন করবে সরকার।
এছাড়া আগামী মঙ্গলবার জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হবে বলে রোববার তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করবেন।
একই সঙ্গে প্রধানমন্ত্রী মুজিববর্ষে প্রকাশিত বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক ২৫টি বই, শিশু গ্রন্থমালা, শিশুদের নির্বাচিত আঁকা ছবি নিয়ে ‘আমরা এঁকেছি ১০০ মুজিব’ এবং শিশুদের নির্বাচিত লেখা নিয়ে ‘আমরা লিখেছি ১০০ মুজিব’ বইয়ের মোড়ক উন্মোচন করবেন বলেও জানান ইন্দিরা।
এবার বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- 'শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’। আর ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার' প্রতিপাদ্য নিয়ে উদযাপন করা হবে জাতীয় কন্যা শিশু দিবস।
আগামী ৫ থেকে ১১ অক্টোবর পর্যন্ত শিশু অধিকার সপ্তাহে শিশুদের অধিকার, সুরক্ষা ও উন্নয়ন বিষয়ে আলোচনা হবে।
এছাড়া সুবিধাবঞ্চিত শিশু, পথশিশু, শ্রমজীবী শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা, খেলাধূলা ও অধিকার বিষয়ে আলোচনা হবে বলেও জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী।
করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার আলোচনা, পরিবেশনা, প্রতিযোগিতাসহ বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহের সবগুলো অনুষ্ঠানই ভার্চুয়াল পদ্ধতিতে হবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সিটি করপোরেশন, ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল, অপরাজেয় বাংলা ও শিশু অধিকার ফোরামসহ দেশি ও আন্তর্জাতিক সংস্থাগুলো সপ্তাহব্যাপী অনুষ্ঠানে অংশ নেবে।
এছাড়া পোস্টার, ফেস্টুন, ব্যানার স্থাপন; ক্রোড়পত্র ও স্মরণিকা প্রকাশ করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের সকল জেলা এবং উপজেলায় বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হবে।
“শিশুদের উন্নয়ন, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সরকার কাজ করে যাচ্ছে।”
জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে ২০৪১ সালের মধ্যে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশ করার অঙ্গীকার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী।
বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভীন ও মহিউদ্দিন আহমেদ এবং প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
