নিউ মার্কেট-হাতিরপুলে গ্যাস থাকবে না ৪ ঘণ্টা
পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানীর হাতিরপুল থেকে নিউ মার্কেট এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গাউসিয়া, নিউ মার্কেট, বসুন্ধরা গলি, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুলসহ আশপাশের এলাকায় গ্যাস থাকবে না।
শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক- সব ধরনের গ্রাহকের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে।
তিতাসের জনসংযোগ কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি বিভিন্ন এলাকায় পুরাতন লাইন মেরামত কাজ চলছে। তার অংশ হিসাবে আজ টাই ইন এর কাজ হচ্ছে ওই এলাকায়। সে কারণে এসব এলাকায় গ্যাস বন্ধ রাখা হবে।”
