২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার সঙ্গে যুবকদের মধ্যে সংস্কৃতি চেতনার বিকাশ চান আসাদুজ্জামান নুর

জাতীয় যুবনীতি-২০১৭ বাস্তবায়ন ও যুবকদের নৈতিকভাবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চেতনার বিকাশ ঘটানোর পরামর্শ দিয়েছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2020, 03:41 AM

Updated : 10 Oct 2022, 07:27 PM

শনিবার একশন এইড বাংলাদেশ এবং ধুব্রতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত এক ওয়েবিনারে এ পরামর্শ দেন তিনি।

আসাদুজ্জামান নূর বলেন, “বর্তমানে আমরা যুব সমাজকে ঠিকমতো প্রস্তুত করছি কি না সেটা নিয়ে ভাবতে হবে। আমাদের গ্রাম ও শহরে স্কুলপড়ুয়া যুবদের মধ্যে বিশাল বৈষম্য রয়ে গেছে। লেখাপড়া শেষে তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রেও এ বৈষম্য রয়ে গেছে। সরকারের চেষ্টা অব্যাহত থাকলেও এখনও অনেক বৈষম্য রয়ে গেছে।

“যুব সমাজের মধ্যে যে নৈতিক অবক্ষয় ঘটেছে তা করোনার কারণে আমাদের সামনে চলে এসেছে। যুবকদের নৈতিকভাবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চেতনার বিকাশ ঘটাতে হবে।”

সমাজকর্মী ও সংসদ সদস্য আরমা দত্ত বলেন, “যুবকদের নিয়ে দেশে যারা কাজ করে তাদের জন্য একটি সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম থাকা জরুরি। যুবনীতি বিশ্লেষণ করে এর সম্ভাব্য চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে তুলে ধরতে সঠিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।”

ওয়েবিনারে অন্যদের মধ্যে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জাকিয়া তাবাস্সুম জুই, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবির, জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম এবং অধ্যাপক শাহ আজমসহ সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা যুক্ত হন।

আলোচনায় যুবনীতি-২০১৭ বাস্তবায়নে যুবকদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি, যুবনীতি সঠিক বাস্তবায়ন, যুব নেতৃত্ব বিকাশে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুবকদের অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত গ্রহণ কাঠামোতে যুবকদের অংশগ্রহণ, গ্রামীণ যুবকদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা সৃষ্টি, নিয়মিত পর্যবেক্ষণ ও উন্নয়ন, মেধার যথাযথ মূল্যায়ন, বেকার যুবকদের আর্থিক প্রণোদনা, যুব ব্যাংক স্থাপন, উদ্যোক্তা ও যুব ঋণ সহজীকরণের ওপর জোর দেন বক্তারা।