জ্যেষ্ঠ সচিব হলেন দিলওয়ার বখত ও রউফ তালুকদার
দুর্নীতি দমন কমিশনের সচিব দিলওয়ার বখত এবং অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদারকে জ্যেষ্ঠ সচিব করেছে সরকার।
এই দুই কর্মকর্তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দিয়ে আগের দপ্তরেই রেখে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৯৮৪ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা দিলওয়ারকে জ্যেষ্ঠ সচিব করার আদেশ আগামী ১৬ অক্টোবর থেকে কার্যকর ধরা হয়েছে।
২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি দুদকের সচিব হিসেবে যোগ দেন দিলওয়ার। তার আগে তিনি পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক ও অবকাঠামো বিভাগের সদস্য ছিলেন।
আর ২০১৮ সালের ১৭ জুলাই থেকে অর্থ সচিবের দায়িত্বে থাকা রউফ তালুকদারকে জ্যেষ্ঠ সচিব করার আদেশ আগামী ৩১ অক্টোবর থেকে কার্যকর হবে।
এ দুই কর্মকর্তাকে নিয়ে জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা দাঁড়াচ্ছে ১৫ জনে। ২০১২ সালের ৯ জানুয়ারি জ্যেষ্ঠ সচিব পদ চালু করে সরকার।
মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবদের পরেই জ্যেষ্ঠ সচিবদের অবস্থান। বর্তমান বেতন কাঠামোতে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং জ্যেষ্ঠ সচিবদের জন্য বিশেষ স্কেল রাখা হয়েছে।
