২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলা: সাহেদের আত্মপক্ষ সমর্থন বুধ ও বৃহস্পতিবার

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2020, 03:44 PM

Updated : 08 Apr 2022, 01:21 AM

মঙ্গলবার ঢাকা মহানগর এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশের কাছে ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এবং মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম সাক্ষ্য দেন।

তাদের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক বুধ ও বৃহস্পতিবার (১৬, ১৭ সেপ্টেম্বর) আসামির আত্মপক্ষ শুনানির দিন রাখেন।

আসামিপক্ষের আইনজীবী মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তারা কোনো সাফাই সাক্ষ্য দেবেন না।

এ নিয়ে চার কার্যদিবসে মামলাটিতে ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হল।

রিজেন্ট হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় গোয়েন্দা পুলিশের রিমান্ডে থাকার সময় ১৮ জুলাই রাতে সাহেদকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে তার একটি গাড়ি থেকে গুলিসহ একটি পিস্তল এবং কিছু মাদক জব্দ করা হয়।

ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে এই মামলা করে পুলিশ। এরপর গত ৩০ জুলাই ঢাকার মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম। সেখানে রাষ্ট্রপক্ষে মোট ১৪ জনকে সাক্ষী করা হয়।

গত ২৭ অগাস্ট এই মামলায় অভিযোগ গঠন করে সাহেদের বিচার শুরুর আদেশ দেন একই বিচারক।

এরপর ১০ সেপ্টেম্বর শুরু হয় সাক্ষ্যগ্রহণ।

পুরনো খবর:

সাহেদের অস্ত্র মামলায় ৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ
অস্ত্র মামলা: সাহেদের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন বাদী
অস্ত্র মামলায় সাহেদের বিচার শুরু