স্পিকারের সঙ্গে রীভা গাঙ্গুলীর বিদায়ী সাক্ষাৎ
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস।
সোমবার সংসদ ভবন স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তারা বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রেক্ষাপটে পরিবির্তিত বিশ্ব পরিস্থিতি ও জীবনযাত্রার পরিবর্তন সম্পর্কে আলোচনা করেন।
স্পিকার বলেন, বৈশ্বিক মহামারীতে ঝুঁকি থাকা সত্ত্বেও অত্যন্ত সতর্কতার সঙ্গে বাজেট অধিবেশনসহ সংসদের দুটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বিদায়ী ভারতীয় দূত রীভা গাঙ্গুলী মহামারীকালে ঘরবন্দি থেকেও ভার্চুয়াল পদ্ধতি অনুসরণ করে সকল কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।
স্পিকার শিরীন শারমিন এসময় দুদেশের সম্পর্ক নিয়ে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।
এসময় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান স্পিকার।
