‘পুলিশ অভিযোগ তদন্ত কমিশন’ চেয়ে উকিল নোটিস
পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য স্বাধীন ‘পুলিশ অভিযোগ তদন্ত কমিশন’ গঠন করতে সরকারকে উকিল নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের অর্ধশতাধিক আইনজীবী।
আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও পুলিশ মহাপরিদর্শককে এ নোটিস পাঠানো হয়েছে।
ফাইল ছবি
নোটিস পাওয়ার চার সপ্তাহের মধ্যে একটি ‘স্বাধীন তদন্ত কমিশন’ (পিসিআইসি) গঠন করতে অনুরোধ জানানো হয়েছে সেখানে। তা না হলে ‘আইনগত পদক্ষেপ’ নেওয়া হবে বলে নোটিসে জানানো হয়েছে।
২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত বিভিন্ন গণম্যাধ্যমে প্রকাশিত ৫০০টি ঘটনা ওই নোটিসে তুলে ধরা হয়েছে, যেখানে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ‘অপরাধমূলক’ কাজের অভিযোগ এসেছে। এসব ঘটনার ৯০৮ পৃষ্ঠার নথিও দেওয়া হয়েছে নোটিসের সাথে।
নোটিসে বলা হয়েছে, প্রস্তাবিত পুলিশ অধ্যাদেশ-২০০৭ এর ৭১ দফায় ‘পুলিশ কমপ্লেইন্ট কমিশন’ গঠনের বিধান আছে। কিন্তু সরকার আজ পর্যন্ত তা কার্যকর করেনি।
আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, “পাঁচশ ঘটনা পর্যালোচনা করে এটা প্রতীয়মান হয় যে, পুলিশ বাহিনীর কিছু সদস্য বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যু, হেফাজতে নির্যাতন, গুম, অপহরণ ও মুক্তিপণ আদায়, খুন, মারধর, হুমকি ও হয়রানি, ধর্ষণ, ইভটিজিং ও নারী নির্যাতন, চুরি, ডাকাতি, ছিনতাই ও লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও ভয় দেখিয়ে টাকা আদায়, জমি দখল ও সম্পত্তি বিনষ্টকরণ, মাদক ব্যবসা ও উদ্ধারকৃত মাদক আত্মসাৎ, স্বেচ্ছাচারী আটক ও আটক বাণিজ্য, অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া ও টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া, মামলা নিতে গড়িমসি ও মামলা তুলে নিতে চাপ প্রয়োগ, মিথ্যা ও পাল্টা মামলা দিয়ে হয়রানি, তদন্তে গাফিলতি, হয়রানি ও ঘুষ গ্রহণ, সাংবাদিক নির্যাতন, কর্তব্যে অবহেলা, সাক্ষ্য-প্রমাণ বিনষ্টকরণ ও আসামিদের নাম বাদ দেওয়া এবং নিয়োগ, পদায়ন ও পদোন্নতিতে দুর্নীতিসহ মোট ১৮ ধরনের অপরাধের সঙ্গে জড়িত।”
তিনি বলেন, বর্তমান আইনি কাঠামোতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলে সে অভিযোগ তদন্তের ভার পুলিশের ওপরই ন্যস্ত হয়। ফলে বিচারের প্রাথমিক ধাপ ‘তদন্ত’ সঠিক ও নিরপেক্ষ ‘হয় না’।
বিভিন্ন আন্তর্জাতিক আইনে পুলিশের অপরাধ তদন্ত করতে আলাদা কর্তৃপক্ষ বা কমিশন গঠনের তাগিদ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ডেনমার্ক, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, স্পেন, আয়ারল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ডসসহ বিশ্বের বিভিন্ন দেশে স্বাধীন ও স্বতন্ত্র তদন্ত কমিশন কার্যকর আছে।
এছাড়া ভারতের ২৭টি অঙ্গরাজ্যে ‘পুলিশ কমপ্লেইন্ট অথরিটি’ রয়েছে বলে্র জানান এই আইনজীবী।
