নতুন বছরে ডিএনসিসির সড়কে এলইডি বাতি: মেয়র
আসছে ইংরেজি নববর্ষে নগরবাসীর জন্য উপহার হিসেবে সড়কে এলইডি বাতি দিতে চান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
মঙ্গলবার ডিএনসিসির নগর ভবনে এলইডি বাতি স্থাপনে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এলইডি সড়ক বাতি স্থাপন প্রকল্পের পরিচালক ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম এবং বিএমটিএফের মহাব্যবস্থাপক (বিপণন) লেফটেন্যান্ট কর্নেল তোফায়েল আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।
মেয়র আতিকুল ইসলাম জানান, ডিএনসিসি এলাকায় ৪২ হাজার ৫০০ এলইডি বাতি ২০২১ সালের মধ্যে স্থাপন করা যাবে। তিনি বলেন, ১ জানুয়ারি ডিএনসিসির কিছু অংশে এ বাতি জ্বলবে।
“নগরবাসীর জন্য নিরাপদ ঢাকা গড়তে আমরা অঙ্গীকার করেছিলাম। তার মধ্যে একটি হল ঢাকা শহরকে আলোকিত করে উজ্জ্বল রাখা। নগরবাসীর জন্য এটি হবে ২০২১ নববর্ষের উপহার।”
মেয়র বলেন, এলইডি বাতিগুলো ইউরোপে তৈরি। প্রতিটি বাতির ওয়ারেন্টি ১০ বছর। বাতি স্থাপনের পর ওয়ারেন্টি সময়কালে এসবের রক্ষণাবেক্ষণও করবে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি।
ডিএনসিসি জানিয়েছে, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এলইডি সড়ক বাতি সরবরাহ ও স্থাপন’ (১ম সংশোধিত) প্রকল্প’ ২০১৯ সালের ২ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের অনুমোদন পায়। সংশোধিত প্রকল্প ব্যয় ৩৬৯ কোটি ১৪ লাখ ৩২ হাজার টাকা।
মূল প্রকল্পে ৪২ হাজার ৪৫০টি সড়ক বাতি স্থাপনের কথা থাকলেও সংশোধিত প্রকল্পে বাতি বেড়ে ৪৬ হাজার ৪১০টি করা হয়।
এর মধ্যে ১৫০ ওয়াটের ৩৪০৮টি, ১২০ ওয়াটের ৩৬৪৬টি, ৯০ ওয়াটের ৩২৯টি, ৬০ ওয়াটের ১০৬৬৬টি, ৪০ ওয়াটের ২৫৬৬১টি এলইডি বাতি স্থাপন করা হবে।
এলইডি সড়ক বাতি স্থাপনে ব্যয় হবে ৩১৯ কোটি ৭৪ লাখ টাকা। এরমধ্যে রয়েছে বাতি ক্রয়, পোল ক্রয় ও স্থাপন, ব্র্যাকেট, ফিটিংস, কন্ট্রোলিং সিস্টেম, সফটওয়ার, ওভারহেড ক্যাবলস স্থাপন। বাকী ৪৯ কোটি ৪০ লাখ ৩২ হাজার টাকা ব্যয় হবে হাইড্রোলিক গাড়ি ও অন্যান্য গাড়ি, যন্ত্রপাতি ক্রয় এবং অন্যান্য খরচ বাবদ।
প্রকল্পের কাজ এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে তা বাস্তবায়নে সময় বেশি লাগতে পারে বলে জানিয়েছে ডিএনসিসি।
