২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রদূত হয়ে যুক্তরাষ্ট্রে ফিরছেন শহীদুল ইসলাম

রাষ্ট্রদূত হয়ে যুক্তরাষ্ট্রে ফিরছেন এম শহীদুল ইসলাম, যিনি ওয়াশিংটনে এর আগে বাংলাদেশ মিশনের উপ-প্রধানেরদায়িত্ব পালন করেছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2020, 07:59 PM

Updated : 18 Aug 2022, 03:43 PM

বিমসটেকের মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করে আসা পেশাদার এই কূটনীতিককে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০১৪ সালের জুন থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্টদূত হিসাবে দায়িত্ব পালন করে আসা কূটনীতিক মোহাম্মদ জিয়াউদ্দিনের স্থলাভিষিক্ত হচ্ছেন শহীদুল।

দুই দফায় পাঁচ বছর দায়িত্ব পালনের পর গত বছরের ১১ জুলাই রাষ্ট্রদূত জিয়াউদ্দিনের মেয়াদ তৃতীয় দফায় এক বছরের জন্য বাড়িয়েছিল সরকার।

তার স্থলাভিষিক্ত হতে চলা শহীদুল ইসলাম বিমসটেকে দ্বিতীয় মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে।

বিমসটেকের দ্বিতীয় মহাসচিব বাংলাদেশি শহীদুল ইসলাম  

২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ওয়াশিংটনে বাংলাদেশ মিশনে কাউন্সেলর এবং মিনিস্টার বা মিশন উপ-প্রধানের দায়িত্ব পালন করেন তিনি।

১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন শহীদুল ইসলাম। বর্ণাঢ্য কূটনৈতিক ক্যারিয়ারে দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তিনি।

২০১২ সাল থেকে প্যারিস মিশনে থাকার সময় ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধি এবং বিভিন্ন মেয়াদে রোমানিয়া, আলজেরিয়া, আইভরি কোস্ট ও ক্যামেরুনে রাষ্ট্রদূত বা হাই কমিশনারের দায়িত্বও ছিল তার কাঁধে।

১৯৯২ থেকে ১৯৯৪ সময়ে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে দ্বিতীয় ও প্রথম সচিবের দায়িত্বে ছিলেন এই কূটনীতিক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকাস, প্যাসিফিক ও কাউন্টার টেররিজম এবং ইউরোপ উইংয়ের মহাপরিচালকসহ বিভিন্ন দায়িত্বও সামলেছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর ডিগ্রিধারী শহীদুল প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্কে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছেন।